লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়া উপজেলা সদরের ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনে যাত্রীবাহী বাস থেকে উদ্ধার করা হয়েছে ৫টি বন্যপ্রাণী। এ সময় আটক করা হয়েছে দুই পাচারকারীকে। গত ২৭ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে উক্ত ৫ বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে। বন্যপ্রাণীগুলোর মধ্যে রয়েছে একটি চিতা বিড়াল, ৩টি মেছো বিড়াল ও একটি মথুরা। এ বন্যপ্রাণীগুলো পার্বত্য বান্দরবানের আলী কদম উপজেলা থেকে দু’পাচারকারী বিক্রির উদ্দেশ্যে পাচারকালে আটক হয় লোহাগাড়ায়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম। পরে, উপজেলা ভ্রাম্যমান আদালতের নিকট উপস্থাপন করা হয় বন্যপ্রাণীসহ দুই পাচারকারীকে। ভ্রাম্যমান আদালত পাচারকারীদেরকে ৬মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। টাকা অনাদায়ে আরও একমাসের অতিরিক্ত বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজাহান।
দন্ডপ্রাপ্ত পাচারকারীরা হলেন, পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার বটতলী পাড়ার সমশুল আলমের পুত্র আলিম উদ্দীন (৩৫) ও কুমিল্লা দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামের বাবুল মিয়ার পুত্র মো. এমরান (২৬)। পাচারকারী দল বন্যপ্রাণীগুলো লোহার খাচায় বন্ধী করে নিয়ে যাওয়ার কথা স্বীকার করে। ফলে, বন্যপ্রাণী আইনে তাদেরকে কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে মতে দন্ডপ্রাপ্তদের জেলহাজতে প্রেরণের জন্য সোপর্দ করা হয় লোহাগাড়া থানা পুলিশের হাতে। বন্যপ্রাণীগুলো কক্সবাজারের ডুলাহাজারা সাফারীপার্কে প্রেরণের নিমিত্তে হস্তান্তর করা হয় চুনতি অভয়ারাণ্য রেঞ্জ কর্মকর্তার নিকট।




