আনোয়ারা প্রতিনিধি: উপজেলা বিএনপির সদস্য সচিবের পদ ও দলের প্রাথমিক সদস্য পথ সহ সকল পর্যায়ের পদ থেকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বিএনপি নেতা লায়ন এম, হেলাল উদ্দিন কে অব্যাহতি দেয়া হয়েছে। একই সাথে দল থেকে তার অনুসারী আরও ৪ জন বহিষ্কার করা হয়।আজ মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীস্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ দেয়া হয়।
বহিষ্কৃতরা হলেন- আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউল হক জিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব গাজী মো.ফোরকান, উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ হাসান ও ইসমাইল বিন মনির।
গত ১৫ই অক্টোবর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রতিনিধি সভা শেষে সন্ত্রাসী হামলায় মারাত্মভাবে দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির আনসার এবং দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম খোকা আহত হন।এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে হেলালকে দলের সকল পদ থেকে অব্যাহতি ও তার অনুসারীদের বিরুদ্ধে এই বহিস্কার আদেশ দেয়া হয়। বিএনপি’র কেন্দ্রীয় সহ- দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় কর্মকাণ্ডের পরিপন্থী জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয় ।
এদিকে চলতি বছরের ২৪ মে মোশাররফ হোসেনকে আহবায়ক ও লায়ন হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। কমিটি ঘোষণার পরপরই সচিব হেলালের বিরুদ্ধে ঘোষিত কমিটির আহবায়ক মোশাররফ এবং ১০ জন যুগ্ম আহবায়কসহ ৪২ জন সদস্য চলতি বছরের ২৪ মে দলের কেন্দ্রীয় নেতাদের বরাবর লিখিত অভিযোগ দিয়েছিল । সচিব হেলালকে কমিটি থেকে বাদ দেয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি স্থানীয় উপজেলা কমিটির নেতৃবৃন্দ অনুরোধ জানিয়েছিল।
অন্যদিকে হেলাল উদ্দিন দাপটের সাথে অনুসারীদেরকে নিয়ে কার্যক্রম অব্যাহত রাখেন। উপজেলা আহ্বায়ক কমিটি ত্রিধারায় বিভক্ত হয়ে পড়ে। নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়। এদিকে উপজেলা বিএনপি সহ অঙ্গসংগঠন নেতৃবৃন্দ ও সাবেক ছাত্রদল নেতাদের যৌথ উদ্যোগে বহিষ্কারাদেশ কে স্বাগত জানিয়ে মিছিল বের করা হয়েছে। অপরদিকে হেলাল উদ্দিনের অনুসারীরা রাস্তায় আগুন দিয়ে বহিষ্কার আদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। হেলাল উদ্দিনের অনুসারী বিএনপি নেতা সরোয়ার হোসেন জানায় বিষয়টি নিয়ে আমরা জরুরী বৈঠক বসেছি। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী করণীয় জানানো হবে। বিএনপি নেতা হেলাল উদ্দিনকে বারবার ফোন করলেও ফোনের সাড়া মেলেনি ।




