খুলনা প্রতিনিধি: খুলনায় পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং ১৪ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। আজ রোববার ০৭ আগস্ট ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার জন্য বন্ধ করা হয়েছে।জ্বালানি তেল বিক্রির কমিশন ও ট্যাংক-লরির ভাড়া না বাড়ানোর প্রতিবাদে বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি ও বাংলাদেশ ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় কমিটি তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ করে দিয়েছে।
বাংলাদেশ ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও ট্যাংক-লরির ভাড়া বাড়ানো হয়নি। সরকার ভাড়া নির্ধারণ করে না দিলে আমরা ভাড়া বাড়াতে পারি না। ট্যাংক-লরিতে তেল নিয়ে পেট্রোল পাম্পে যেতে আগের তুলনায় খরচ বেড়েছে।
তিনি বলেন, আগের তুলনায় তেলের দাম বাড়ানো হলেও পাম্প মালিকদের কমিশন বাড়ানো হয়নি। সে কারণে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।




