ঢাকা অফিস: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর নাম পরিবর্তন করে নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ) করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
আজ মঙ্গলবার(০৩ ফেব্রুয়ারী) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ নাম পরিবর্তনের কথা জানান।
উপদেষ্টা বলেন, র্যাবের পুনর্গঠনের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আবদুল হাফিজ (অব.) এর সভাপতিত্বে একটি কমিটি গঠন করা হয়েছিলো। কমিটি র্যাবের নাম পরিবর্তন করে নতুন নাম ‘Special Intervention Force (SIF)’ সুপারিশ করেছে, যা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন।
তিনি বলেন, খুব শীঘ্রই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে। প্রজ্ঞাপন জারি হলে এ ফোর্সটি নতুন উৎসাহ ও উদ্দীপনা নিয়ে কাজ শুরু করবে। একইসঙ্গে বাহিনীটির পোশাকও পরিবর্তন করা হবে। তবে শুধু নাম ও পোশাক নয়, ফোর্সটির কার্যক্রমেও সংস্কার আনা হবে বলে জানান তিনি।
লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অংশগ্রহণে আজ ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের তেঁতুলঝোড়া কলেজ ভোটকেন্দ্রে ‘Electoral Management Exercise’-এর ব্যবস্থা করা হয়েছে। উপদেষ্টা বলেন, এ মহড়ার মাধ্যমে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ও সক্ষমতা সম্পর্কে জনগণ জানতে পারবে।
ব্রিফিংয়ে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধার সম্পর্কে সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক (অপারেশন এন্ড প্ল্যান) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আলী হায়দার সিদ্দিকী বলেন, ইলেকশন কমিশন কর্তৃক নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সশস্ত্র বাহিনী ১৯৯টি অস্ত্র ও ১ হাজার ৯৭২টি গোলাবারুদ উদ্ধার এবং ১ হাজার ৮০৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
তিনি জানান, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় সারাদেশে সশস্ত্র বাহিনীর ১ লাখ ৬ হাজার ২২৩ জন সদস্যকে মোতায়েন করা হয়েছে। তিনি আরো জানান, সশস্ত্র বাহিনী বিভাগ এ পর্যন্ত পুলিশ ও র্যাবের খোয়া যাওয়া অস্ত্র থেকে ৪ হাজার ৪৩২টি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে; আর কারা কর্তৃপক্ষের হারিয়ে যাওয়া অস্ত্র থেকে ৬৫টি অস্ত্র উদ্ধার করেছে; লাইসেন্সকৃত অস্ত্র উদ্ধার করেছে ৩২৮টি এবং বিভিন্ন ধরনের অস্ত্র ২ হাজার ৯০৬টি মিলিয়ে সশস্ত্র বাহিনী সর্বমোট ৭ হাজার ৭৩১টি অস্ত্র উদ্ধার করেছে।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক (অপারেশন এন্ড প্ল্যান) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আলী হায়দার সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।




