পটিয়া প্রতিনিধি: পটিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়া আল-ইসলামিয়াতে সন্ত্রাসী হামলার একটি পরিকল্পিত চেষ্টা ব্যর্থ হয়েছে। আজ শুক্রবার(০৬ ফেব্রুয়ারী) ভোর আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে একটি সংঘবদ্ধ চক্র দেশীয় অস্ত্রসহ জামিয়ার অভ্যন্তরে প্রবেশ করলে শিক্ষার্থী ও কর্মচারীদের সহায়তায় পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।
সূত্রে জানা গেছে, সাধারণ ছুটি চলাকালে সমবেত মুহতামিমকে লক্ষ্য করেই হামলার পরিকল্পনা করা হয়েছিল। তবে সময়মতো সতর্কতা ও তাৎক্ষণিক প্রতিরোধের ফলে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
আটককৃতরা হলেন- আজগর হোসেন, নুর হোসাইন, আরাফাত, সোহাগ ও সাজিদ বিন আবুল কালাম। তাদের মধ্যে একজন মাদ্রাসা শিক্ষক এবং কয়েকজন স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।
আটককৃতদের কাছ থেকে দা, ছুরি, রড, লাঠি, মাস্ক ও মার্বেলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলাটি পূর্বপরিকল্পিত ছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে জামিয়া কর্তৃপক্ষ এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর হামলা নয়, বরং ধর্মীয় শিক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের অপচেষ্টা। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঘটনার পর জামিয়া প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




