নগর প্রতিবেদক: দেশে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা করতে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।আজ বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারী) চসিক কার্যালয়ে ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক বিষয়ক কাউন্সিলর ক্রিশ্চিয়ান বেক এবং অ্যালিয়ঁস ফ্রঁসেজ ঢাকা এর পরিচালক ব্রুনো লাক্রাম্পে এর সঙ্গে মতবিনিময়কালে মেয়র ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।
তিনি বলেন, ভোটাররা যেন কোনো ভয়ভীতি ছাড়া নির্ভয়ে ভোট দিতে পারেন এবং রাজনৈতিক দল ও প্রার্থীরা নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারেন, সে জন্য একটি উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মতবিনিময়কালে প্রতিনিধি দলটি আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে করণীয় বিষয়ে মেয়রের ব্যক্তিগত মতামত জানতে চাইলে তিনি বলেন, ভোটারদের মধ্যে ভয়মুক্ত পরিবেশ সৃষ্টি করা না গেলে নির্বাচনে কাঙ্ক্ষিত অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব নয়। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং রাজনৈতিক নেতাকর্মীরা যাতে বাধাহীনভাবে প্রচারণা চালাতে পারেন, সে জন্য প্রশাসনের কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা অপরিহার্য।
মেয়র বলেন, প্রথমবারের মতো যারা ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে, তাদের অংশগ্রহণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তরুণ ভোটাররা গণতন্ত্রের ভবিষ্যৎ, তারা ভোট দিতে মুখিয়ে আছে। কিন্তু দুঃখজনকভাবে ২০০১ সালের পর দেশে একটি সর্বজনগ্রাহ্য ও সুষ্ঠু জাতীয় নির্বাচন হয়নি। এর ফলে দেশের গণতন্ত্র আজ হুমকির মুখে। এই বাস্তবতায় গণতান্ত্রিক ধারায় ফিরতে হলে আসন্ন জাতীয় নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হবে এবং সে জন্য উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে। এতে বিপুল সংখ্যক ভোটার স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানে উৎসাহিত হবে।
তিনি আরও বলেন, নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে হলে অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন এবং প্রশাসন সহ সব পক্ষকে নিরপেক্ষ আচরণ করতে হবে। একটি স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত নির্বাচন কমিশন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাদের কাজ হবে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, ভয় সৃষ্টি করা নয়।
মুক্ত গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে মেয়র বলেন, সাংবাদিকরা যেন নির্ভয়ে নির্বাচন কাভার করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, যাতে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় থাকে।
ডা. শাহাদাত হোসেন বলেন, নাগরিক সমাজ এবং দেশি বিদেশি পর্যবেক্ষকদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। নির্বাচনী প্রক্রিয়ার প্রতিটি ধাপ হতে হবে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য। পোলিং এজেন্টরা যাতে নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ সৃষ্টি করা জরুরি। একই সঙ্গে ভোটকেন্দ্রসহ সংশ্লিষ্ট সব স্থানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে কোনো ধরনের ভয়ভীতি, চাপ বা অনিয়মের সুযোগ না থাকে।
মতবিনিময় শেষে প্রতিনিধি দলটি নির্বাচনের বিষয়ে চট্টগ্রাম সিটি মেয়রের বিভিন্ন মতামত গুরুত্বের সঙ্গে গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন।




