বিজন কুমার বিশ্বাস, নিজস্ব প্রতিনিধি: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ যে দিকে যাচ্ছেন, সে দিকেই যেন জনতার ঢল নামছে। তার উপস্থিতির খবরে ঘর ছেড়ে পথে নামছে মানুষ। আধুনিক সময়ের হ্যামিলনের বাঁশিওয়ালার মতোই তিনি মানুষের হৃদয়ে সুর তুলতে পারছেন-এমন চিত্রই ফুটে উঠছে প্রতিদিনের নির্বাচনী গণসংযোগে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চকরিয়া–পেকুয়ার জনসমর্থনের স্রোত দিন দিন আরও বেগবান হচ্ছে।
আজ বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকালে তিনি চকরিয়া উপজেলার পহরচাঁদা (সাংগঠনিক) ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন। এসময় হাফালিয়া কাটা, ল্যাং মিজ্জিপাড়া, সবুজ পাড়া, গোবিন্দপুর পশ্চিম পাড়া, গোবিন্দপুর পূর্ব পাড়া, দক্ষিণ পাড়া, সর্দারপাড়া, সিকদার পাড়া ও মৌলভীপাড়াসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে সরাসরি মতবিনিময় করেন।
গণসংযোগ চলাকালে স্থানীয়রা স্বতঃস্ফূর্তভাবে তাকে ঘিরে ধরেন। করমর্দন, শুভেচ্ছা আর ভালোবাসায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রবীণ থেকে তরুণ—সবার চোখেমুখেই ফুটে ওঠে প্রত্যাশা ও আস্থার ঝিলিক। অনেকেই বলেন, দীর্ঘদিন পর এমন একজন নেতাকে কাছে পেয়েছেন যিনি মানুষের কথা শোনেন, বোঝেন এবং দায়িত্ব নিয়ে কথা দেন।
স্থানীয়দের ভাষ্য, সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে তারা আবারও উন্নয়ন, ন্যায়বিচার ও অধিকার ফিরে পাওয়ার স্বপ্ন দেখছেন। তাদের বিশ্বাস—এই নেতৃত্বই পারে চকরিয়া–পেকুয়ার হারানো সম্ভাবনা আর গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে।
গণসংযোগে সালাহউদ্দিন আহমদ বলেন, “মানুষের এই ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমি সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো।”
তিনি জানান, আজ বিকেলে পেকুয়া উপজেলার শিলখালী ও রাজাখালীতে গণসংযোগ এবং রাতে মগনামা ও পেকুয়া বাজারে জনসভায় বক্তব্য রাখবেন।
চকরিয়া–পেকুয়ার রাজনীতিতে এখন একটাই আলোচনা—জনতার ভালোবাসায় এগিয়ে থাকা সালাহউদ্দিন আহমদই হয়ে উঠছেন এই আসনের সবচেয়ে শক্তিশালী প্রত্যাশার নাম।




