বিনোদন ডেস্ক: কিছুদিন আগেই মা হয়েছেন জনপ্রিয় কমেডিয়ান ও সঞ্চালক ভারতী সিং। এরপর ফিরেছেন শুটিংয়ে। কিন্তু ১২ দিনের শিশুকে বাড়িতে রেখে কাজে ফেরা নিয়ে চলছে আলোচনা, তর্কবিতর্ক।
ভারতী সিংয়ের ভাষ্য, কাজের সঙ্গে সন্তানকে একা রেখে আসা নিয়ে কথা বলা ঠিক নয়। সে ভালোই আছে। তাদের বাড়িতে এত লোকজন যে সন্ধ্যার আগে নিজেরাই সন্তানকে কোলে পান না ভারতী বা তার স্বামী হর্ষ। তাই এই ফাঁকে শুটিং সেরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দুজনে। আর মা হওয়ার পর তিনি অনেক বদলে গেছেন। সন্তানকে দেখাশোনার জন্য খুব তাড়াতাড়ি গোসল করেন। বাচ্চা ঘুমালে তার দিকে তাকিয়ে বসে থাকেন।
ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারতী জানিয়েছেন, বাড়িতে সন্তানকে রেখে কাজে যাওয়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি। এমনকি কেঁদেও ফেলেছিলেন। তবে টেকনোলজির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতী। এর মাধ্যমে অন্তত সন্তানকে যেকোনো মুহূর্তে দেখে নিতে পারেন তিনি।
তিনি আরো বলেন, কাজে আসার আগে বাচ্চার জন্য বুকের দুধ পাম্প করে রেখে আসি। যাতে আমার বাচ্চার সারা দিন হয়ে যায়। আর লোকে যখন বলে ওকে হর্ষের মতো লাগছে, তখন আমি রেগে যাই। ৯ মাস পেটে ধরেছি আমি, ওকে হর্ষের মতো দেখালে কেমন করে হবে? ঘুমালে ওকে আমার মতো দেখায়, আর জেগে উঠলে হর্ষের মতো। আমাদের সন্তান ওর মা ও বাবার মতোই চালাক।



