পশ্চিমারা নির্দিষ্ট কিছু সীমা অতিক্রম করলে কিংবা হুমকি সৃষ্টি করলে মস্কো প্রয়োজনে প্রতিরোধমূলক পারমাণবিক হামলা চালাতে পারে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। ইউক্রেন এবং ন্যাটোর মিত্রদের বিভিন্ন পদক্ষেপের কারণে রাশিয়াকে চূড়ান্ত অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনা করতে হচ্ছে বলে দাবি করেন তিনি।
সোমবার মস্কো জার্নাল অব ইন্টারন্যাশনাল ল-এ প্রকাশিত ‘রাষ্ট্রের সার্বভৌমত্ব ও পারমাণবিক অস্ত্র: জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার আন্তর্জাতিক আইনি দিক’ শিরোনামের এক নিবন্ধে মেদভেদেভ এই অবস্থান তুলে ধরেন। নিবন্ধটির উদ্ধৃতি প্রকাশ করেছে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস। মেদভেদেভ লিখেছেন, ধ্বংসাত্মক বা বিপর্যয় সৃষ্টিকারী অ-পারমাণবিক অস্ত্রের ব্যাপক ব্যবহারও রুশ ফেডারেশনের পক্ষ থেকে প্রতিরোধমূলক পারমাণবিক হামলা চালানোর পথ সুগম করতে পারে।
নিবন্ধে মেদভেদেভ আশঙ্কা প্রকাশ করে জানান, পশ্চিমের দেশগুলো যদি আড়ালে বা গোপনে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করে, তবে সেটিকেও পারমাণবিক জবাব দেওয়ার কারণ হিসেবে গণ্য করা হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, কিয়েভ ও তার মিত্রদের মনে রাখা জরুরি যে রাশিয়ার শুধু পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকারই নেই, উদ্ভূত পরিস্থিতিতে তা ব্যবহার করার বাধ্যবাধকতাও রয়েছে। তবে এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভাব্য সব পরিণতি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবেন বলে উল্লেখ করেন এই রুশ রাজনীতিক।
মেদভেদেভের এই বার্তার পাশাপাশি মহাকাশে রাশিয়ার পারমাণবিক অস্ত্রভিত্তিক সামরিক প্রস্তুতি নিয়ে পশ্চিমা বিশ্বে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। জার্মানির সরকারি সম্প্রচারমাধ্যম এনডিআর ও ডব্লিউডিআরের প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়া মহাকাশে ‘স্পুটনিক-এস’ নামের একটি পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে, যা আগামী ৬০ দিনের মধ্যে চালু হতে পারে। এ বিষয়ে প্রাপ্ত গোয়েন্দা তথ্য ইতোমধ্যেই ন্যাটো মিত্রদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এই বিশেষ স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশে থাকা অন্য দেশগুলোর স্যাটেলাইট নিষ্ক্রিয় বা পুরোপুরি ধ্বংস করা সম্ভব বলে আশঙ্কা করা হচ্ছে।
জার্মান সরকারের এক মুখপাত্র সংবাদমাধ্যমের এসব প্রতিবেদনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার কথা জানিয়েছেন। অন্যদিকে, বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জোর দিয়ে বলেছেন যে মহাকাশে যেকোনো ধরনের হুমকির বিরুদ্ধে জোট নিজস্ব সুরক্ষা নিশ্চিত করবে। তবে জার্মানির বার্লিনে অবস্থিত রুশ দূতাবাস এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও একটি পরিকল্পিত ‘প্রচারণা অভিযানের’ অংশ বলে উড়িয়ে দিয়েছে।




