ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান এবং দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির একটি গোপন ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাতে অডিও রেকর্ডটি ভাইরাল হওয়ার পর স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
ফাঁস হওয়া ওই ফোনালাপে দেখা যায়, ওসি ফয়জুল নিজের মাইগ্রেনের ব্যথার কথা বলে ওই যুবলীগ নেত্রীকে রাত দেড়টার দিকে তাঁর বাংলোতে আসার জন্য বলেন। কথোপকথনে ওসিকে বলতে শোনা যায়, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’ জবাবে নিরাপত্তার কোনো সমস্যা হবে কি না—যুবলীগ নেত্রী জানতে চাইলে ওসি তাঁকে অভয় দিয়ে বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’ এ সময় তাসকিরা তানিন সনি ওসিকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করলে তিনি মনঃক্ষুণ্ন হন। এ ছাড়া দুই লাখ টাকা ঘুষ নেওয়ার পরও যুব মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার প্রসঙ্গটি নিয়েও দুজনের মধ্যে কথা বলতে শোনা গেছে।
স্থানীয় সূত্র মতে, গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসভবন থেকে পুলিশ তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে। এরপর সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাঁকে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে জামিনে মুক্তি পাওয়ার পরই এই সংবেদনশীল অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। অডিওটি ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় যুবলীগ নেত্রী নতুন অভিযোগ তুলে ধরে বলেন, গ্রেপ্তারের পর থানা-হাজতে থাকাকালীন ওসি তাঁকে আলিঙ্গন করার অনুরোধ করেছিলেন।
তবে যুবলীগ নেত্রীর আনা এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন দাগনভূঞা মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান। কল রেকর্ডে নিজের কণ্ঠ থাকার বিষয়টি স্বীকার করে তিনি জানান, আসামিকে গ্রেপ্তার করার কৌশল হিসেবে তিনি এ ধরনের ভিন্ন পন্থা অবলম্বন করেছিলেন। একই সঙ্গে পুলিশের স্বাভাবিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে একটি মহল চক্রান্ত ও ষড়যন্ত্র করছে বলেও তিনি দাবি করেন।




