দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দুই শিশু এবং ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে ১ হাজার ৪১২ জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ১৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে প্রাণ হারানো দুই শিশুর একজন ময়মনসিংহের এবং অপরজন খুলনার। এ ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৭৪ জনের নিশ্চিত হাম এবং ১ হাজার ৩৩৮ জনের সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে। এর মাধ্যমে গত ১৫ মার্চ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৩৭৪ এবং সন্দেহজনক রোগী দাঁড়িয়েছে ২ লাখ ৬০ হাজার ৫২৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৩৬৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০৫ জন নিশ্চিত হামে এবং ১ হাজার ২৫৮ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ২৫৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৪ হাজার ২৮৭ জন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮ হাজার ৯৭২ জন।
অন্যদিকে, ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কিত তথ্যে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৫২৬ জন এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার ১৩৭ জনে। এর আগের দিন মঙ্গলবার (২৪ নভেম্বর) ডেঙ্গুতে চারজনের মৃত্যুর খবর দিয়েছিল অধিদপ্তর, যেদিন আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ১৪৫ জন।




