বাংলাদেশসহ ১৬টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের ওপর নতুন করে আমদানি শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা এবং বাণিজ্যিক ভারসাম্যহীনতার বিষয়ে তদন্ত সম্পন্ন করার পর যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) এই নতুন শুল্কের প্রস্তাব প্রকাশ করতে যাচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এ বিষয়ে অবগত তিন ব্যক্তির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলেই তদন্তের ফল প্রকাশ করা হতে পারে। প্রস্তাবিত নতুন এই শুল্ক আগে থেকেই বিদ্যমান মার্কিন আমদানি শুল্কের ওপর অতিরিক্ত হিসেবে যুক্ত হতে পারে।
তদন্তের আওতায় থাকা দেশ ও অঞ্চলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, কম্বোডিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন।
এর আগে গত ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রশাসনের আরোপ করা কিছু শুল্ক যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছিল। সেই শুল্কের বিকল্প ব্যবস্থা গড়ে তুলতেই প্রশাসন নতুন এই তদন্তের পথ বেছে নিয়েছে। এরই অংশ হিসেবে গত মার্চ মাস থেকে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্ত শুরু করে ইউএসটিআর। এছাড়া ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নে জোরপূর্বক শ্রমবিরোধী আইন কার্যকরের দুর্বলতা নিয়েও আলাদা তদন্ত চলছে, যার ভিত্তিতে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করা হচ্ছে।
ট্রাম্প প্রশাসনের এই শুল্কনীতির কারণে যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বেড়ে গেছে বলে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। গত নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স-ইপসোসের জনমত জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ মানুষ শুল্ক প্রত্যাহারের পক্ষে মত দিয়েছেন।
নতুন এই শুল্ক কার্যকর হলে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন রপ্তানি খাতে এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বাংলাদেশি পণ্যের ওপর ঠিক কী হারে শুল্ক আরোপ করা হবে বা এটি কার্যকর করার নির্দিষ্ট সময়সীমা কত, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।




