পলাতক আওয়ামী লীগ নেতাদের নানা প্রতারণা ও ফাঁদে পা দিয়ে দেশে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীরা নতুন করে বিপদের মুখোমুখি হচ্ছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, বুঝে হোক বা না বুঝে, পলাতক অংশটির উসকানিতে দেশে লুকায়িত দলটির কর্মীরা ঝুঁকিতে পড়ছেন। বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো আইনি বাধা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, বিষয়টি জটিল কোনো বাধা নয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত বন্দি বিনিময় চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) অনুযায়ী পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত চাওয়া হয়েছে। তিনি জানান, দণ্ডপ্রাপ্ত কিংবা অ-দণ্ডপ্রাপ্ত উভয় ক্ষেত্রেই দুই দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে আসামি হস্তান্তরের সুযোগ রয়েছে। এটি একটি নিয়মিত আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া, যার মাধ্যমে বাংলাদেশও আসামি দেয় এবং অন্যান্য দেশ থেকেও আসামিদের ফিরিয়ে আনা হয়।
দেশের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, পতিত আওয়ামী শক্তি ও পলাতক দলটি মূলত আত্মগোপনে থাকা নিজেদের নেতাকর্মীদেরই ক্ষতিগ্রস্ত করছে। যেখানে স্থানীয়ভাবে একটি সামাজিকভাবে অঘোষিত বোঝাপড়া বা রিকনসিলিয়েশন তৈরি হয়েছিল, সেখানে বিভ্রান্তিকর পদক্ষেপে লুকায়িত কর্মীদের নতুন করে বিপদের মুখোমুখি করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, সাধারণ জনগণের পাশাপাশি আত্মগোপনে থাকা কর্মীরাও বিষয়টি অনুধাবন করবেন এবং পলাতক দলের ফাঁদে পা দিয়ে উত্তেজনায় জড়াবেন না।
প্রতিবেশী দেশে অবস্থান নিয়ে বাংলাদেশে অস্থিরতা তৈরির যে চেষ্টা চলছে, সে বিষয়ে সরকারের অবস্থান জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিষয়টি সরকার কূটনৈতিকভাবে হ্যান্ডেল করছে। অন্যদিকে, ইন্দোনেশিয়ার ২০ শতাংশ জাহাজ আটক এবং সেটি মোংলা বন্দরে আসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ সংক্রান্ত কোনো তথ্য তার জানা নেই এবং সাংবাদিকদের কাছ থেকেই তিনি বিষয়টি প্রথম শুনলেন।
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সর্বসম্মতিক্রমে বসার কোনো পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, এটি পরের আলোচনার বিষয় এবং এ নিয়ে তার সঙ্গে কোনো বৈঠক হয়নি। তবে প্রধানমন্ত্রী সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার আবেদনের প্রেক্ষিতে তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। জোটগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও সরকারের আলাপ-আলোচনার পরিকল্পনা রয়েছে, যা যথাসময়ে জানা যাবে।




