নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর বনানী থানাধীন বেলতলা আদর্শ নগর ব্রিজ সংলগ্ন একটি দোচালা বাড়িতে এক তরুণীকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সম্প্রতি ভুক্তভোগী ওই তরুণীর একটি ভিডিও সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে।
ভুক্তভোগী তরুণীর অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলতলা আদর্শ নগর ব্রিজ পার হয়ে কামালের ডেকোরেটরের দোকান হিসেবে পরিচিত দোচালা ঘরটির নিচতলায় দোকান এবং ওপরতলায় বসবাসের কক্ষ রয়েছে। সম্প্রতি ওই কক্ষে এক যুবক ভুক্তভোগী তরুণীকে ডেকে নিয়ে যায়। সেখানে পূর্ব থেকে অবস্থানরত আরও দুই যুবকসহ মোট তিনজন মিলে তরুণীটিকে নেশাজাতীয় দ্রব্য সেবন করায়। একপর্যায়ে তিনি অচেতন বা ভারসাম্যহীন হয়ে পড়লে তিন যুবক মিলে তাকে ধর্ষণ করে বলে ভিডিও সাক্ষাৎকারে দাবি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের আগে ওই ঘর ও ডেকোরেটরের দোকানটির মালিকানা ও দখলে ছিলেন কামাল নামের এক ব্যক্তি। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আবুল কালাম আজাদের গাড়িচালক (ড্রাইভার) জাহিদ খান রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাড়ি ও দোকানটি দখল করে নেন। বর্তমানে বাড়িটি জাহিদ খানের নিয়ন্ত্রণেই রয়েছে।
দখলকৃত ওই বাড়িতে এমন জঘন্য অপরাধ সংঘটিত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীর ভিডিও বক্তব্যের সূত্র ধরে ঘটনার সত্যতা যাচাই এবং অভিযুক্ত তিন যুবকসহ নেপথ্যে থাকা ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে অভিযুক্ত জাহিদ খান বা সংশ্লিষ্ট বিএনপি নেতার কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বনানী থানা পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তাদের নজরে এসেছে এবং এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




