আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার স্থানীয়রা চাকরিতে অগ্রাধিকার দেওয়ার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। নিয়োগে স্থানীয় যোগ্য প্রার্থীদের উপেক্ষা করে বিভিন্ন জেলা থেকে কর্মী নিয়োগের অভিযোগ তুলে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এদিকে কেইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর চাকরির সুযোগ দেওয়ার আশ্বাস পেয়ে কর্মসূচি প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা।
আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায় কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেড)-এর মূল ফটকের সামনে এই কর্মসূচি পালন করা হয় ।
বিক্ষোভকারীদের অভিযোগ, আনোয়ারা ও কর্ণফলী এলাকায় একের পর এক শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠলেও এসব প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত ও দক্ষ বেকার যুবকদের কর্মসংস্থানের যথাযথ সুযোগ দেওয়া হচ্ছে না। তাদের বাদ দিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। সম্প্রতি রাঙামাটি থেকে নারী শ্রমিক নিয়োগের প্রচার চালানোর বিষয়টি স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।
বিক্ষোভকারীদের প্রতিনিধি স্থানীয় বাসিন্দা মো. নাজিম উদ্দীন বলেন, মূল দাবি নিয়োগ-বাণিজ্য বন্ধ করা এবং স্থানীয় বেকার যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরি নিশ্চিত করা।
তিনি আরও বলেন, কেইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে চাকরির সুযোগ দেওয়ার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম বলেন যোগ্য স্থানীয় নারী-পুরুষকে চাকরির সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
কেইপিজেডের উপমহাব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘কর্ণফুলী সুইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নারী শ্রমিক নিয়োগের জন্য রাঙামাটিতে প্রচার চালাচ্ছিল। এ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠে স্থানীয় লোকজনকে বাদ দিয়ে কেন অন্য জেলা থেকে শ্রমিক নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে ভুল-বোঝাবুঝির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়। নিয়োগের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দেয়া হয়।




