‘যুবি স্যার, তিনি আমার আইডল’—রেকর্ডময় ডাবল সেঞ্চুরির পর বিসিসিআই প্রকাশিত এক ভিডিওতে ভারতের কিংবদন্তি সাবেক ক্রিকেটার যুবরাজ সিংকে এভাবেই স্মরণ করেন ১৫ বছর বয়সী ব্যাটার বৈভব সূর্যবংশী। দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫৩ বলে ২০৪ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলে ক্রিকেটের রেকর্ডবুক ওলটপালট করে দিয়েছেন তিনি। এই বিধ্বংসী ইনিংসে ছিল ২৮টি ছক্কা ও ৭টি চার। বাঁহাতি এই ব্যাটার মাত্র ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড় শ এবং ৫২ বলে দ্বিশতক পূর্ণ করেন। তার এই ব্যাটিং ঝড়ে ভারত ‘এ’ দল মাত্র ১৪.২ ওভারেই ২৫০ রানের লক্ষ্য পেরিয়ে যায় এবং ৭ উইকেটের জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। এই ইনিংসের মাধ্যমে লিস্ট ‘এ’ ক্রিকেটে তিনটি বিশ্বরেকর্ড গড়ার পাশাপাশি ছেলেদের পেশাদার ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও তার দখলে আসে।
টুর্নামেন্টের শুরুর দিকে বৈভবের সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না। নেপালের বিপক্ষে ২৬ রান এবং পাকিস্তানের বিপক্ষে মাত্র ১১ রান করার পর নিজের সামর্থ্য নিয়ে প্রশ্ন জেগেছিল তার। সেপ্টেম্বরের শুরু থেকে কোনো ইনিংসেই তিনি ৪৫ রানের বেশি করতে পারেননি। এই দুঃসময় কাটাতে তিনি বাবা, ছোটবেলার কোচ মনীশ ওঝা, অনূর্ধ্ব-১৯ দলের সাবেক সতীর্থ ও বন্ধু প্রথম জাচক এবং যুবরাজ সিংয়ের সঙ্গে পরামর্শ করেন।
বিসিসিআইয়ের ভিডিও সাক্ষাৎকারে বৈভব জানান, যুবরাজের সঙ্গে প্রায় আধঘণ্টার এক ফোনালাপে তিনি ব্যাটিংয়ের টেকনিক্যাল দিকগুলো নিয়ে খোলামেলা কথা বলেন। যুবরাজ তাকে পরামর্শ দিয়েছিলেন, ‘আমি যদি ২০ বল খেলতে পারি, তাহলে স্কোরটা অন্য রকম হবে।’ এই ফোনালাপের পর বৈভব নিজের পুরোনো ব্যাটিংয়ের ভিডিও দেখে ভুলগুলো চিহ্নিত করেন এবং আমিরাতের বিপক্ষে সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেন। নিজের আদর্শ যুবরাজের প্রতিটি পরামর্শ মনোযোগ দিয়ে শুনে এবং তা কাজে লাগিয়েই তিনি এই সাফল্য পেয়েছেন বলে জানান এই তরুণ ক্রিকেটার।



