আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় ট্রাক মালিক সমিতির অফিস উদ্বোধনকে ঘিরে বিএনপি’র দু’ গ্রুপের মধ্যে উত্তেজনা ও ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। আজ সোমবার(২৩ নভেম্বর) দুপুর ১ টায় আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়া শাহাদাত নগর এলাকায় এই ঘটনা ঘটে।
বর্তমানে পরিস্থিতি শান্ত হলেও এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। যে কোনো মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।
জানা যায়, সোমবার বিকেল তিনটায় আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়া শাহাদাত নগরে ট্রাক মালিক সমিতির অফিস উদ্বোধনের আয়োজন করা হয়। অফিস উদ্বোধনের আগে দুপুর ১টার দিকে বিএনপির দু’পক্ষের মধ্যে এলাকা নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। এই সময় সাবেক চেয়ারম্যান ইলিয়াছ কাঞ্চন গ্রুপ ট্রাক দিয়ে সড়ক নিয়ন্ত্রণে নেয়। আনোয়ারা ও কর্ণফুলী থানার পুলিশ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ এলে আনোয়ারার রাঙ্গা দিয়া ট্রাক মালিক সমিতির অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি ও রাঙ্গা দিয়া ট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলী আসনের এমপি আলহাজ্ব সারওয়ার জামাল নিজাম।
ট্রাক সমিতির সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা মোহাম্মদ জসিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা জুয়েল শ্রমিক নেতা মোহাম্মদ জামাল, যুবদল নেতা ইলিয়াস ইলু বিএনপি নেতা আব্দুল হক চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছা সেবক দলের নেতা ইকবাল হায়দার চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথি সরওয়ার জামাল নিজাম এমপি বলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের লোকজন বিভিন্নভাবে ষড়যন্ত্র করে এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে । তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। বিএনপি’র নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রের জবাব দিতে হবে। যারা বিশৃঙ্খলাতে সৃষ্টি করছে প্রয়োজনে তাদেরকে আইনের আওতায় নেয়া হবে।




