অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য একটি যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড। রোববার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘২য় বার্ষিক আন্তর্জাতিক ওএসএইচ গবেষণা সম্মেলন ২০২৬’-এ অংশ নিয়ে এ কথা জানান প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন।
সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র উল্লেখ করেন, তৈরি পোশাক খাতে সম্প্রতি দেখা দেওয়া অস্থিতিশীল পরিস্থিতির নেপথ্যে রাজনৈতিক উসকানি ও একটি নির্দিষ্ট গোষ্ঠীর অনুপ্রবেশ রয়েছে। তবে সরকার সর্বোচ্চ আন্তরিকতা, সহনশীলতা ও শান্তিপূর্ণ উপায়ে এসব সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন পর একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নিয়ে বর্তমান সরকার ভেঙে পড়া রাষ্ট্রকাঠামো ও অর্থনীতি পুনর্গঠনে হাত দিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধজনিত বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং জ্বালানি ও বিদ্যুৎ সংকটের মধ্যেও জনগণের ম্যান্ডেট পাওয়া এ সরকার শ্রমবান্ধব নীতিকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে।
মজুরি বৃদ্ধির নতুন পদক্ষেপের প্রেক্ষাপট তুলে ধরে মাহ্দী আমিন বলেন, ‘শ্রম আইন ২০২৬’-এ শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অতীতে ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে অর্থাৎ প্রতি পাঁচ বছর পর পর গার্মেন্টস শ্রমিকদের মজুরি বাড়ানো হতো। তবে ইতিহাসে প্রথমবারের মতো এবার বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যে, মাত্র তিন বছরের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মজুরি বোর্ড গঠন করেছে। মজুরি বোর্ডের চেয়ারম্যান, শ্রমিকপক্ষ, মালিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের ওপর আস্থা রেখে তিনি জানান, তাঁরা দ্রুততম সময়ে একটি ন্যায়সংগত মজুরি নির্ধারণ করবেন এবং সরকার এতে পূর্ণ সহযোগিতা দেবে।
উপদেষ্টা মাহ্দী আমিন তৈরি পোশাক খাতকে দেশের গর্ব হিসেবে চিহ্নিত করে বলেন, শ্রমিকদের ঘাম ও কষ্টের ফসল ‘মেড ইন বাংলাদেশ’ সারা বিশ্বে দেশের প্রতিনিধিত্ব করছে। নতুন কলকারখানা স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে শ্রমিকের ভাগ্যোন্নয়ন হলে দেশেরও উন্নতি হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের রূপকল্পের মূল কেন্দ্রে রয়েছে শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও অধিকার। নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ বজায় রাখা কোনো দয়া নয়, বরং প্রতিটি শ্রমিকের মৌলিক অধিকার, যা নিশ্চিত করতে সরকার, মালিক ও সমাজকে একযোগে কাজ করতে হবে।
দেশের শ্রম আইনের ঐতিহাসিক ধারাবাহিকতা স্মরণ করে মাহ্দী আমিন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পোশাক শিল্পের ভিত্তি গড়েছিলেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৬ সালে শ্রম আইন প্রণয়ন ও ‘শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকের অধিকার এগিয়ে নেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারাবাহিকতায় ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬’ প্রণয়ন করেছেন, যা পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন।
মাঠপর্যায়ে এই নীতিমালা বাস্তবায়নে বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সক্ষমতা বিবেচনায় নেওয়ার আহ্বান জানান মাহ্দী আমিন। তিনি বলেন, কর্মক্ষেত্রে নিরাপত্তা কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে প্রতিরোধ, সচেতনতা ও প্রশিক্ষণের মাধ্যমে বাস্তবসম্মত করা প্রয়োজন। দেশের অর্ধেকের মতো নারী শ্রমিকের কর্মসংস্থান হওয়ায় তাঁদের নিরাপত্তাকেও কর্মপরিকল্পনার অগ্রাধিকার দেওয়া হয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন অংশীজনের সহযোগিতার প্রশংসা করে তিনি উল্লেখ করেন, মানসম্মত কর্মপরিবেশ দেশি-বিদেশি বিনিয়োগ ও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।
উক্ত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন এবং বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ ছাড়া আরও বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ভাইস চেয়ারম্যান ও বিইএফ সভাপতি ফজলে শামীম এহসান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন এবং আয়োজন কমিটির আহ্বায়ক আব্দুর রহিম খান।




