বিদেশে অবস্থান করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ছবি ও মিথ্যা তথ্য তৈরি করে দেশে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেছেন, একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, জনগণের সম্মিলিত শক্তির কাছে তাদের এই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না।
রবিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘চির ভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রকৃতি-প্রত্যয় প্রকাশনার আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক হীরা সোবাহানের লেখা বইটির মোড়ক উন্মোচন করা হয়।
রিজভী বলেন, ইউরোপ, আমেরিকা, ভারত ও ব্যাংককসহ বিভিন্ন স্থানে অবস্থানরত ব্যক্তিরা এআই প্রযুক্তি ব্যবহার করে নানা ধরনের অসত্য প্রচারণা ছড়াচ্ছেন। অতীতে যেভাবে ইতিহাস ও তথ্য বিকৃত করে একমাত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হয়েছিল, এখনো ঠিক একই কায়দায় ষড়যন্ত্র চালানো হচ্ছে।
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে বিএনপির এই নেতা মন্তব্য করেন, গত কয়েক দিনে নড়াইল ও ফরিদপুরের ভাঙ্গায় হরতালের নামে তাণ্ডব চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, তার সঙ্গে কারাগারে থাকা মনির নামের এক কর্মীকে গুম করা হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জে কয়েকজনকে গুম করে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। রিজভীর মতে, অতীতে গড়ে ওঠা গুমের প্রবণতা এখনো পুরোপুরি দূর হয়নি।
তবে বর্তমান সরকারের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, এত কিছুর পরও সরকার অত্যন্ত শান্ত ও স্থিরভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে। অতীতে এ ধরনের ঘটনায় ক্রসফায়ার ও রক্তপাত ঘটানো হতো, কিন্তু বর্তমান সরকার ধৈর্য ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তিনি অপরাধী ও সন্ত্রাসীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেপ্তার করে প্রচলিত আইনে আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানান।
বিগত শাসনামলের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি উপন্যাস থেকে স্বাধীনতার ঘোষণা-সংক্রান্ত অধ্যায় আদালতের মাধ্যমে বাদ দিতে বাধ্য করা হয়েছিল। এমনকি প্রবীণ রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সান্ত্বনা দিতে গুলশান কার্যালয়ে যাওয়ায় তাঁর বিরুদ্ধেও পাঁচটি মামলা করা হয়েছিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারারি অধ্যাপক ও বৌদ্ধতত্ত্ববিদ সুকোমল বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউজিসি সদস্য অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হাবীবুর রহমান। গ্রন্থটির ওপর আলোচনা করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক জি এম শফিউর রহমান এবং শুভেচ্ছা বক্তব্য দেন বইটির লেখক অধ্যাপক হীরা সোবাহান।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘চির ভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।




