গ্যাসের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য মানিকগঞ্জ ও ধামরাইয়ের ১০টি এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আগামী সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সব শ্রেণির গ্রাহকের জন্য এই সাময়িক গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (২২ নভেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। ধামরাই ডিআরএসের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হলো—মানিকগঞ্জের ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া, মানিকগঞ্জ সদর ও শিবালয়। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সরবরাহ বন্ধের আওতাধীন এলাকাগুলোর আশপাশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস সরবরাহ বন্ধের সময় চুলা ও গ্যাসচালিত সব যন্ত্রপাতির সংযোগ বন্ধ রাখতে হবে। এছাড়া সরবরাহ চালুর পর গ্যাস ব্যবহারের আগে পুনরায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে।




