খাগড়াছড়ি শহরের পৈতৃক বাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত আনুমানিক সাড় তিনটার দিকে পেট্রলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে এ হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।
আজ রোববার ভোররাত সাড়ে পাঁচটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম জানান, শনিবার দিবাগত রাতে খাগড়াছড়িতে তাঁর বাড়িতে পেট্রলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ঘটনার সময়ে বাড়িতে তাঁর মা-বাবা অবস্থান করছিলেন।
ফেসবুক পোস্টে ঘটনার বিবরণ দিয়ে সাদিক কায়েম লেখেন, ‘আজ রাত ৩টা ৩০ মিনিটের দিকে খাগড়াছড়িতে আমার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা।’ তিনি আরও উল্লেখ করেন, সন্ত্রাসীরা বাড়ির চারপাশে পেট্রলবোমা নিক্ষেপ এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। তবে ঘরের ভেতরে আগুন ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর দ্রুত প্রচেষ্টায় তা নেভানো সম্ভব হয়, ফলে তাঁর মা-বাবা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে সাদিক কায়েমের পরিবারের সদস্যদের চিৎকার শুনে তাঁরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে বাড়ির সিঁড়ির পাশের উঠানে আগুন জ্বলতে দেখে সবাই মিলে তা নিয়ন্ত্রণে আনেন। ওই সময় ঘটনাস্থলে কেরোসিন পড়ে থাকতে দেখা যায়।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু। তিনি জানান, দিবাগত রাত তিনটার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন সারা দেশের মতো সেখানেও অগ্নিসংযোগের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ির দেয়ালে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তবে দ্রুতই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করা হয়নি বলে ওসি জানান।
হামলা প্রসঙ্গে ফেসবুক পোস্টে সাদিক কায়েম তীব্র ক্ষোভ প্রকাশ করে আরও লিখেছেন, ‘জনবিচ্ছিন্ন খুনি হাসিনার দোসরেরা ভেবেছে, জুলাইপন্থী ছাত্র-জনতার ওপর এভাবে হামলা, হুমকি ও ভীতি প্রদর্শন করে তারা আবার এ দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবে। পেট্রোলবোমা, অগ্নিসন্ত্রাস আর রাতের আঁধারে কাপুরুষোচিত হামলা চালিয়ে তারা জনগণের ওপর পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে চায়।’ এসব চোরাগোপ্তা সন্ত্রাসী কর্মকাণ্ড জুলাইপন্থীদের দমাতে পারবে না, বরং তাঁদের লড়াইকে আরও দৃঢ় করবে বলে তিনি মন্তব্য করেন।
ডাকসু ভিপির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ এক বিবৃতিতে তিনি ঘটনার প্রতিবাদ জানান এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।




