লেবাননের ভূখণ্ড থেকে অবিলম্বে সব ইসরাইলি সেনা প্রত্যাহার, সামরিক হামলা বন্ধ এবং বন্দীদের ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট প্রেসিডেন্ট জোসেফ আউন। একই সাথে দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও নীতি নির্ধারণে ইরানের প্রভাবের কড়া সমালোচনা করে তিনি বলেছেন, বিদেশি শক্তির হস্তক্ষেপ এবং দখলদারত্বের কারণে লেবাননের স্বাধীনতা এখনো পুরোপুরি অধরা রয়ে গেছে।
শনিবার লেবাননের ৮৩তম স্বাধীনতা দিবস প্রাক্কালে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে জোসেফ আউন এসব মন্তব্য করেন। প্রেসিডেন্ট উল্লেখ করেন, তার দেশ বর্তমানে দুটি পরস্পরযুক্ত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এর একটি হলো লেবাননের ভূখণ্ডের কিছু অংশে ইসরাইলের বেআইনি দখলদারত্ব এবং অপরটি হলো ইরানের প্রভাবশালী মহলের বিদেশি হস্তক্ষেপ। অস্ত্রের জোর বজায় রেখে এবং রাষ্ট্রীয় কাঠামোর বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে এই প্রভাব বিস্তার করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। এই দুই মৌলিক বাধার কারণেই লেবানন পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র হিসেবে উদযাপনে বাধাগ্রস্ত হচ্ছে।
ইসরাইলের উদ্দেশ্যে প্রেসিডেন্ট আউন সরাসরি আহ্বান জানিয়ে বলেন, লেবাননের প্রতি ইঞ্চি মাটি থেকে সেনা সরিয়ে নিতে হবে, সব ধরনের হামলা বন্ধ করতে হবে এবং আটককৃত লেবাননি নাগরিকদের অবিলম্বে ফিরিয়ে দিতে হবে। উল্লেখ্য, দক্ষিণ লেবাননের চলমান সংঘাতের সময় ইসরাইলি বাহিনী সাধারণ নাগরিক এবং হিজবুল্লাহর সশস্ত্র গোষ্ঠীর বহু সদস্যকে আটক করে নিজেদের বন্দিশিবিরে রেখেছে।
দেশের সামরিক নিরাপত্তার বিষয়ে অবস্থান স্পষ্ট করে আউন জানান, লেবাননের অভ্যন্তরে সমস্ত অস্ত্র সরকারের অধীনে আনার পরিকল্পনা অব্যাহত থাকবে। রাষ্ট্রের বাইরে থেকে পরিচালিত কিংবা বিদেশি শক্তির স্বার্থ রক্ষাকারী কোনো অস্ত্র দেশে অবস্থান করতে দেওয়া হবে না। হিজবুল্লাহর প্রতি ইঙ্গিত করে তিনি কঠোর ভাষায় বলেন, আপনাদের অস্ত্র সরকারের কাছে হস্তান্তর করতে হবে। সরকারের দীর্ঘদিনের লক্ষ্য হিজবুল্লাহকে নিরস্ত্র করা, যাদের অস্ত্রভান্ডার জাতীয় সেনাবাহিনীর চেয়েও বিশাল। তবে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার অযুহাতে সংগঠনটি এতদিন অস্ত্র সমর্পণে আপত্তি জানিয়ে আসছে।
চলতি বছরের গত জুন মাসে মার্কিন মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে একটি কাঠামোগত সমঝোতা হয়েছিল। সেই চুক্তির শর্তে হিজবুল্লাহকে নিরস্ত্র করা, পর্যায়ক্রমে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা সরিয়ে নেওয়া এবং সেখানে লেবাননের সরকারি সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত অন্তর্ভুক্ত ছিল। কিন্তু হিজবুল্লাহ অস্ত্র ছাড়ে রাজি না হওয়া এবং ইসরাইল ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাওয়ায় চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া স্তব্ধ হয়ে পড়ে।
রাজনৈতিক এই উত্তেজনার মধ্যেই শনিবার দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ, বিনত জুবাইল এবং মারজাইউন জেলায় নতুন করে ইসরাইলি হামলার ঘটনা ঘটেছে। আলজাজিরার প্রতিবেদকরা জানান, বিনত জুবাইল জেলার বারাআচিত শহরের উপকণ্ঠে ইসরাইল বিমান হামলা চালিয়েছে। ভোরের দিকে শহরে গুলিবর্ষণের পাশাপাশি সীমানার কাছে ইসরাইলি সামরিক যানের চলাচল প্রত্যক্ষ করা গেছে।
এদিকে লেবাননের সরকারি বার্তা সংস্থা এনএনএ জানায়, নাবাতিয়েহ জেলার কাফর তেবনিত শহরে ইসরাইলি যুদ্ধবিমান দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র বর্ষণ করে, কারণ প্রথম নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হতে ব্যর্থ হয়েছিল। এ ছাড়া মারজাইউন জেলার ওয়াদি আল-খিয়াম এলাকায় ইসরাইলি বাহিনী তিনটি শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়েছে বলে এনএনএ নিশ্চিত করেছে, যদিও সেখান থেকে হতাহতের কোনো বিবরণ বিস্তারিত পাওয়া যায়নি।
গত ২ মার্চ হিজবুল্লাহ ও ইসরাইলের নতুন করে যুদ্ধ শুরুর পর থেকে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ৪ হাজার ৩৮৬ জন প্রাণ হারিয়েছেন এবং ১২ হাজার ৪০৭ জন আহত হয়েছেন। অন্যদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর থেকে পুরো লেবাননজুড়ে এ পর্যন্ত মোট ৮ হাজার ৯৫৩ জন নিহত এবং ৩০ হাজার ৬৪৩ জন আহত হয়েছেন।




