ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) মধ্যরাতে বা বাংলাদেশ সময় রোববার ভোর প্রায় ৩টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের এই হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল একটি বেসামরিক বাণিজ্যিক অবকাঠামো। হামলার পরপরই সেখানে আগুন ধরে যায়। তবে ওই অবকাঠামোর ধরন বা সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে মন্ত্রণালয় বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, বাহরাইনের পূর্ব উপকূলে অবস্থিত সিত্রা দ্বীপের ওপর ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। উল্লেখ্য যে, সিত্রা দ্বীপে একাধিক বাণিজ্যিক স্থাপনা রয়েছে, যার মধ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপকোর পরিচালিত একটি তেল শোধনাগারও অন্তর্ভুক্ত।
ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজের দাবি অনুযায়ী, ইরানের আকাশসীমা লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ও এমকিউ-৯ ড্রোন পরিচালনার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। আইআরজিসি স্পষ্ট করেছে যে, তারা বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের শেখ ঈসা এবং জুফাইর সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে।
প্রসঙ্গত, বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদপ্তর অবস্থিত। গত ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর থেকে দেশটিতে ইরান একাধিকবার হামলা চালিয়েছে।




