ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত কয়েক দিন ধরে টানা বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমে আসায় জনজীবনে শীতের আমেজ অনুভূত হচ্ছিল। আজ রোববার সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তর ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে জানিয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে পারে। আজ দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এদিকে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকাল শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস।




