বিশ্বজুড়ে ধর্মীয় জনসংখ্যার সমীকরণে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে মার্কিনভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার। তাদের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০৩৫ সালের মধ্যে খ্রিষ্টানদের ছাড়িয়ে অনুসারীর সংখ্যার দিক থেকে ইসলাম পৃথিবীর সবচেয়ে বড় ধর্মে পরিণত হবে। মূলত সন্তান জন্মদানের উচ্চ হার ও তরুণ জনগোষ্ঠীর বয়সকাঠামোর কারণে প্রধান ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে মুসলিমদের সংখ্যাই সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে।
পিউ রিসার্চের প্রতিবেদনে তুলে ধরা হয়, ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত পরবর্তী ৫০ বছরের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি পেতে পারে। এ সময়ে তাঁদের সংখ্যা ২০২ কোটি থেকে বেড়ে দাঁড়াতে পারে ৩৬৪ কোটিতে। অপরদিকে, একই সময়ে খ্রিষ্টানদের সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে ২২৭ কোটি থেকে ২৯৬ কোটিতে পৌঁছাবে, যা সামগ্রিক বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জন্ম ও মৃত্যুর স্বাভাবিক হিসাব বিশ্লেষণ করে গবেষকেরা অনুমান করছেন, ২০৭০ সালের মধ্যে বিশ্বে নিট মুসলিম জনসংখ্যা ১৬০ কোটি এবং খ্রিষ্টান জনসংখ্যা ৭৯ কোটি ২০ লাখ বৃদ্ধি পাবে।
জনসংখ্যার এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে জনসংখ্যাতাত্ত্বিক উপাদানগুলো। অনেকে ধর্মান্তরকে মূল কারণ মনে করলেও বাস্তবে ধর্ম বদলের চেয়ে জন্ম ও মৃত্যুর হিসাবই এ ক্ষেত্রে বেশি প্রভাবশালী। গবেষণাটিতে জনগোষ্ঠীর বয়সকাঠামো, জন্মহার, মৃত্যুহার, ধর্ম বদল ও অভিবাসন—এই পাঁচটি বিষয় বিবেচনা করা হয়েছে। তথ্য বলছে, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে একজন মুসলিম নারীর সন্তান জন্মদানের গড় হার ছিল ৩.১, যেখানে খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে তা ২.৫ এবং অন্যান্য ধর্ম বা পরিচয়হীন নারীদের ক্ষেত্রে ১.৬। কোনো জনগোষ্ঠীর জনসংখ্যা স্থিতিশীল রাখতে নারীদের গড়ে ২.১টি সন্তান প্রয়োজন হলেও মুসলিম নারীদের উর্বরতার হার তার চেয়ে অনেকটাই বেশি।
বিশ্বের অন্যান্য ধর্মের ক্ষেত্রে বৃদ্ধির হার ভিন্ন রূপ নিচ্ছে। হিন্দু ও ইহুদি ধর্মাবলম্বীদের সংখ্যা বৃদ্ধির গতি বিশ্বের মোট জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হারের চেয়ে ধীরগতির হবে। বিপরীতে, বৌদ্ধধর্মাবলম্বী এবং কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারী নন বা পরিচয়হীন মানুষের সংখ্যা সময়ের সঙ্গে কমে আসার পূর্বাভাস দেওয়া হয়েছে।
বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশগুলোর তালিকাতেও ২০৭০ সালের মধ্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। ২০২০ সালে বিশ্বের সবচেয়ে বেশি ২৩ কোটি ৯০ লাখ মুসলিমের বসবাস ছিল ইন্দোনেশিয়ায়। তবে অল্প ব্যবধানে পেছনে থাকা পাকিস্তানে মুসলিমদের সংখ্যা দ্বিগুণ বেড়ে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাবে এবং দেশটি ইন্দোনেশিয়াকে টপকে শীর্ষস্থান দখল করবে। পিউ রিসার্চের ২০২০ ও ২০৭০ সালের চিত্রে দেখা যায়, ২০৭০ সালের অনেক আগেই এই অবস্থান বদলে যেতে পারে। এছাড়া ভারতের মুসলিম জনসংখ্যা ২১ কোটি ৩০ লাখ থেকে বেড়ে ৩৩ কোটি ৪০ লাখ হতে পারে, যা দেশকে তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে তুলে আনবে। অন্যদিকে নাইজেরিয়া তার মুসলিম জনসংখ্যা দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২৮ কোটি ২০ লাখে নিয়ে বর্তমানে পঞ্চম স্থান থেকে তৃতীয় স্থানে উঠে আসবে, যার ফলে ইন্দোনেশিয়া নেমে যাবে চতুর্থ স্থানে।
২০৭০ সালে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বসবাসকারী শীর্ষ ১০টি দেশের মধ্যে চারটিই হবে আফ্রিকা মহাদেশের। দেশগুলো হলো নাইজেরিয়া, মিসর, ইথিওপিয়া ও সুদান। এ সময়ে আফ্রিকার সুদানে মুসলিম সংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ১১ কোটি ৬০ লাখে পৌঁছাবে, যা তুরস্ককেও ছাড়িয়ে যাবে। শীর্ষ ১০ দেশের তালিকায় নতুন করে আফগানিস্তান ও ইথিওপিয়া যুক্ত হলেও বাদ পড়ে যাবে ইরান ও আলজেরিয়া। গবেষকেরা জানিয়েছেন, ২০৭০ সালের মধ্যে বিশ্বের ৫৩টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে জনসংখ্যা ১২০ কোটি বাড়বে, যা বিশ্বজুড়ে মোট মুসলিম বৃদ্ধির প্রায় ৭৪ শতাংশ।
বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলকে অন্তর্ভুক্ত করে পিউ রিসার্চ সেন্টার এই বিশাল পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস প্রস্তুত করেছে, যেখানে বৈশ্বিক জনসংখ্যার ৯৯.৯৮ শতাংশ অন্তর্ভুক্ত রয়েছে। তবে গবেষকেরা সতর্ক করে বলেছেন, জন্ম-মৃত্যু বা ধর্মান্তরের বর্তমান গতিধারার ওপর ভিত্তি করে মডেলটি তৈরি হলেও ভবিষ্যৎ যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা বড় ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে চূড়ান্ত এই চিত্র কিছুটা বদলে যেতে পারে।



