দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। গতকাল শনিবার বাজুস ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ১৮২ টাকা কমিয়েছে। এই নিয়ে টানা ৯ দফায় দেশের বাজারে মোট ৩৪ হাজার ৬৯০ টাকা কমল মূল্যবান এই ধাতুর দাম। এর আগে গত শুক্রবারও সোনার দামে বড় ধরনের পতন হয়েছিল, সেদিন প্রতি ভরিতে ১০ হাজার ৯৫৪ টাকা কমানো হয়েছিল।
নতুন এই দাম সমন্বয়ের ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৮৯০ টাকা কমিয়ে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ৫ হাজার ১৫ টাকা কমিয়ে করা হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা। অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৫৪১ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা নির্ধারণ করেছে বাজুস।
এর আগে গত ২০ নভেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমানো হয়েছিল। এছাড়া নভেম্বরের অন্যান্য তারিখগুলোতেও দাম কমানো হয়েছে— যার মধ্যে ১৯ নভেম্বর ৩ হাজার ২৬৬ টাকা, ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল।




