খুলনার তেরখাদা উপজেলায় মাফিক সরকার (৪০) নামে এক বিএনপি নেতা দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার উত্তর মোকামপুর বাজারসংলগ্ন বন্ধুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মাফিক সরকার উত্তর মোকামপুর গ্রামের আবুল হোসেন সরকারের ছেলে এবং তিনি মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য।
স্থানীয়দের বরাতে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী বিশ্বাস জানান, ঘটনার সময় মাফিক সরকার মোকামপুর বাজার থেকে ভ্যানে করে নিজ বাড়িতে ফিরছিলেন। তিনি বন্ধুর মোড় এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চার থেকে পাঁচজন অস্ত্রধারী তার গতিরোধ করে। এরপর দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এর মধ্যে তিনটি গুলি মাফিকের কোমর, হাত ও পায়ে বিদ্ধ হয়।
ঘটনার পর খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান শুরু হয়েছে।
এদিকে সাম্প্রতিক সময়ে খুলনা জেলা ও মহানগরে হত্যা, হত্যাচেষ্টা ও গোলাগুলির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। পুলিশের হিসাব অনুযায়ী, চলতি বছরের সাড়ে ১০ মাসে জেলাজুড়ে ৭৮ জন হত্যার শিকার হয়েছেন এবং গুলিতে আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। গত এক মাসেই অন্তত ১৫টি গুলির ঘটনা ঘটেছে, যাতে প্রাণ হারিয়েছেন নয়জন। এর মধ্যে খুলনা মহানগরে পাঁচজন, রূপসা উপজেলায় তিনজন এবং ডুমুরিয়া উপজেলায় একজন নিহত হয়েছেন।




