কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক বিশেষ অভিযান চালিয়ে শতাধিক আইইডি বোমা, বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। রামু সেক্টরের অধীন ২ বিজিবি এই অভিযান পরিচালনা করে।
রোববার রামু সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ২৫৪ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এছাড়া বিস্ফোরক তৈরির উপকরণের মধ্যে স্টিলের তৈরি বডি, বৈদ্যুতিক তার ও উন্নতমানের টুলস বক্সসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, দেশের চলমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়ে একটি সংঘবদ্ধ চক্র এসব অস্ত্র ও বিস্ফোরক মিয়ানমার থেকে সংগ্রহ করেছিল। উদ্ধার করা আইইডি বোমা ও সরঞ্জামগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যেই রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
অভিযান পরিচালনার সময় সন্দেহভাজনদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশা জব্দ করা হয়েছে। বিজিবি এসব যানবাহনের চালকদেরও আটক করেছে।
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১০: ০১আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১০: ০২




