বাংলাদেশে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে যদি সংবিধান সংশোধনের প্রয়োজন হয়, তবে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সেই পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত সঠিক ও যৌক্তিক ছিল, যা আজ গোটা জাতির কাছে প্রমাণিত। এখন এ বিষয়ে নতুন করে ভাববার সময় এসেছে।
গতকাল বিকেলে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামের শুভ উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও হুশিয়ারি দেন যে, পতিত, পরাজিত, পলাতক ও নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলটি দেশে যে ধরনের চক্রান্তই করুক না কেন, তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। বাংলাদেশে তাদের পুনরায় রাজনৈতিক উত্থানের কোনো সুযোগ দেওয়া হবে না। একই সঙ্গে দেশকে নতুন করে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্তকারীদের যথাযথ জবাব দেওয়া হবে বলে জানান তিনি। মীর শাহে আলম বলেন, দীর্ঘ আন্দোলনের পর অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আর কারও তাঁবেদারি করবে না; বরং জনগণের ও স্বাধীনতার পক্ষে থেকে তারেক রহমানের নেতৃত্বে লাল-সবুজের পতাকাকে এগিয়ে নিতে যা কিছু করা প্রয়োজন, তা-ই করা হবে।
গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পলাতক ও নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দু-এক জায়গায় পেট্রোল বোমা নিক্ষেপ করে ও থানা পুড়িয়ে অরাজকতা তৈরির চেষ্টা করছে। তারা ভাবছে এর মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং শহীদ আবু সাঈদের মতো শহীদদের আত্মত্যাগকে বিসর্জন দিয়ে নতুন কিছু ঘটাবে। কিন্তু এসব অপচেষ্টায় কোনো লাভ হবে না। বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল ও গণতন্ত্রের প্রতি আস্থাশীল। আগের সরকারের মতো গুম, খুন বা গুলি চালিয়ে নির্মূলের পথে না হেঁটে সরকার ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছে।
উন্নয়ন ও সরকারি প্রতিষ্ঠান প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, কোনো একটি জেলার মানুষ যদি মনে করে যে তাদের এলাকায় থানা, সরকারি অফিস-আদালত কিংবা কোনো ধরনের উন্নয়নের প্রয়োজন নেই, তবে বর্তমান সরকার সেখানে জোর করে কিছু করবে না—সবকিছুই নির্ভর করবে জনগণের চাওয়ার ওপর। আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অতীতে গাড়িতে আগুন, বোমা হামলা, খুন ও গুমের মাধ্যমে তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। নিজেদের জেলা মনে করা এলাকাতেও তারা একই ধরনের সন্ত্রাসী ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে আন্তর্জাতিকভাবে আবারও সন্ত্রাসী দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার আইন ইতোমধ্যে সংশোধন করা হয়েছে। ফলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন আর দলীয় প্রতীকে হবে না। কোনো দলকে সরাসরি প্রার্থী মনোনয়নের সুযোগ রাখা হয়নি এবং প্রার্থীরা ব্যানার বা পোস্টারেও কোনো দলের নাম ব্যবহার করতে পারবেন না। তবে জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপির পক্ষ থেকে কোন প্রার্থীকে সমর্থন দেওয়া হচ্ছে, তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচনে অংশ নিলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মানোয়ারা বেগম ও ভাই আবু হোসেন। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট মাহফুজ-উন-নবী ডন, রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান, জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক এবং জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ স্থানীয় অন্যান্য কর্মকর্তা ও সুধীবৃন্দ।




