সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য নতুন 'যৌথ বাহিনী নির্দেশাবলি ০১/২০২৬ (জেএসআই ০১/২০২৬)' জারির মাধ্যমে বেতন-ভাতায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। সরকারের নতুন বেতন স্কেলের আলোকে তৈরি এই নির্দেশাবলিতে বাহিনীর সর্বনিম্ন মূল বেতন ১৩৭.৭৮ শতাংশ বাড়িয়ে ২১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা জাতীয় বেতন স্কেলের সর্বনিম্ন ২০ হাজার টাকার চেয়েও বেশি। এর আগে ২০১৬ সালে জারি করা জেএসআই ০১/২০১৬ অনুসরণ করে গত ১০ বছর সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন-ভাতা নির্ধারিত হয়ে আসছিল।
গত ১৫ নভেম্বর প্রকাশিত গেজেট অনুযায়ী, সশস্ত্র বাহিনীর সর্বনিম্ন মূল বেতন আগের ৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৪০০ টাকা করা হয়েছে। বার্ষিক ইনক্রিমেন্টের মাধ্যমে এই বেতন পর্যায়ক্রমে সর্বোচ্চ ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে। অন্যদিকে, তিন বাহিনী প্রধানের মূল বেতন ১০০ শতাংশ বাড়িয়ে ৮৬ হাজার টাকা থেকে ১ লাখ ৭২ হাজার টাকা করা হয়েছে। আগের বেতন স্কেলের ধারাবাহিকতায় এবারও তিন বাহিনী প্রধানের বেতন সরকারের মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সমান রাখা হয়েছে। তবে বাহিনী প্রধানদের এই মূল বেতন নির্ধারিত থাকবে এবং এতে কোনো ইনক্রিমেন্ট যুক্ত হবে না।
নতুন এই বেতন কাঠামোয় প্রারম্ভিক মূল বেতন হিসেবে ল্যান্স করপোরাল ২৩ হাজার ৫০০ টাকা, করপোরাল ২৮ হাজার টাকা, ওয়ারেন্ট অফিসার ৪ ৪ হাজার টাকা, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ৪৪ হাজার ৫০০ টাকা এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার ৪৫ হাজার ৫০০ টাকায় উন্নীত হয়েছে। বিশেষ করে মাস্টার ওয়ারেন্ট অফিসার পদের মূল বেতন ২২ হাজার ৫০০ টাকা থেকে ১০২.২২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৫ হাজার ৫০০ টাকা হয়েছে। এছাড়া অনারারি লেফটেন্যান্ট পদে প্রারম্ভিক মূল বেতন ৭৬ হাজার ৯৬০ টাকা এবং অনারারি ক্যাপ্টেনের বেতন ৮৫ হাজার ৭ ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বেতন কার্যকর করার প্রক্রিয়াতেও নিম্ন স্কেলের সদস্য ও সৈনিকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষেত্রে প্রথম ধাপে বর্ধিত বেতনের ৪০ শতাংশ বাস্তবায়িত হলেও সৈনিক ও সার্জেন্টদের ক্ষেত্রে বাস্তবায়ন করা হয়েছে ৫০ শতাংশ। এছাড়া অবসরপ্রাপ্ত ও চাকরিরত সদস্যদের কল্যাণ সুবিধার অংশ হিসেবে ন্যূনতম নিট পেনশন বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। একই সঙ্গে বয়সভেদে চিকিৎসাসেবা ভাতা ৩ হাজার থেকে বাড়িয়ে ৪ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। নতুন স্কেলে অধিকাংশ ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানো ছাড়াও বাহিনীর সদস্যদের জন্য নতুন চারটি ভাতা যুক্ত করা হয়েছে।
উচ্চপদস্থ কর্মকর্তাদের চেয়ে সাধারণ সৈনিকদের বেতন প্রবৃদ্ধির হার ৩৯ শতাংশ বেশি হওয়া সত্ত্বেও একটি মহল সৈনিকদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। কোনো কোনো সামাজিক মাধ্যম ও সংবাদমাধ্যমে 'অফিসার বনাম সৈনিক' বৈষম্যের অভিযোগ তোলা হলেও প্রকৃতপক্ষে আগের জেএসআইয়ের ধারাবাহিকতা ও কাঠামো অবিকল রাখা হয়েছে। অপপ্রচারে কয়েকটি ক্ষেত্রে ১০ শতাংশ ভাতা বৃদ্ধির বিষয় তুলে ধরে নতুন সুযোগ-সুবিধা গোপন করা হচ্ছে। এছাড়া ভাজন পদ্ধতি (কর্মকর্তাদের জন্য ১০ এবং অন্যদের জন্য ৩২) নিয়ে সামাজিক মাধ্যমে ওঠা আলোচনার প্রেক্ষাপটে জানা গেছে, জাতীয় বেতন কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর সুপারিশের ভিত্তিতে গঠিত সরকারি কমিটি ইতিমধ্যে অভিন্ন ভাজনের প্রস্তাব পাঠিয়েছে, যা বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে।
বেসামরিক প্রশাসনের সঙ্গে সামরিক বাহিনীর বেতন কাঠামোর দীর্ঘদিনের কিছু প্রাতিষ্ঠানিক পার্থক্যের বিষয়ও আলোচনায় এসেছে। বেসামরিক প্রশাসনে ২০টি ভার্টিকাল গ্রেড থাকায় পদোন্নতি বা সিলেকশন গ্রেড পেলেই কর্মচারীরা সরাসরি উচ্চতর গ্রেডে প্রবেশ করতে পারেন এবং নবম গ্রেডে পৌঁছালে মূল বেতন ও মর্যাদায় বড় ধরনের উল্লম্ফন ঘটে। তবে সামরিক বাহিনীতে পদোন্নতির পদ সীমিত থাকায় সৈনিক থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত সদস্যদের একই পদে থেকে ১৯-২০টি হরাইজন্টাল ইনক্রিমেন্টের ওপর নির্ভর করতে হয়। ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও মাস্টার ওয়ারেন্ট অফিসাররা মাঠে দায়িত্ব পালনসহ গেজেটেড মর্যাদা পেলেও বেসামরিক নবম গ্রেডের সমান ভার্টিকাল সুবিধা পান না।
এ প্রসঙ্গে এক সেনা কর্মকর্তা জানান, সশস্ত্র বাহিনীর কমান্ড কাঠামো ও শৃঙ্খলা বজায় রাখতেই বেসামরিক প্রশাসনের চেয়ে ভিন্ন ক্যারিয়ার পিরামিড অনুসরণ করা হয়। পদোন্নতি না পেলেও যাতে মূল বেতন আটকে না থাকে, সেজন্যই ১৯-২০টি বার্ষিক ধাপ রাখা হয়েছে। এর ফলে পদোন্নতি ছাড়াও একজন সৈনিক ২১ হাজার ৪০০ টাকা থেকে ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারেন এবং অনারারি পদোন্নতি পেলে তা যথাক্রমে ৭৬ হাজার ৯৬০ টাকা ও ৮৫ হাজার ৭৮০ টাকা পর্যন্ত বৃদ্ধি পায়। তবে এ সংক্রান্ত দীর্ঘদিনের দাবি ও অসামঞ্জস্য দূর করতে সশস্ত্র বাহিনী বেতন কমিটির পক্ষ থেকে সব স্তরে ভার্টিকাল পে স্কেল চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে এবং সার্ভিস কমিশন গঠনের মাধ্যমে তা বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়েছে।
সৈনিক ও অবসরপ্রাপ্তদের নতুন এবং বর্ধিত কল্যাণ সুবিধা নিয়েও আলোচনা হচ্ছে। জেএসআই অনুযায়ী, ন্যূনতম নিট পেনশন ১০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। বয়সভেদে চিকিৎসাভাতা ৩,০০০ থেকে ৪,০০০ টাকা করা হয়েছে। অপপ্রচারে কয়েকটি ভাতা ১০ শতাংশ বৃদ্ধিকে সামনে আনা হচ্ছে। কিন্তু নতুন আর্থিক সুবিধাগুলো সম্পূর্ণ আড়াল করা হচ্ছে। কর্মকর্তাদের জন্য ১০ দিয়ে ভাজন এবং অন্যদের জন্য ৩২ দিয়ে ভাজনের বিষয়টি সামনে আনা হয়েছে।




