একটি সুশৃঙ্খল দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করেছে মালয়েশিয়া। শুক্রবার দেশটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়া হয়েছে। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের পরবর্তী সময়ে রোহিঙ্গাদের পুনর্বাসনের ক্ষেত্রে এটিকে অন্যতম বড় উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি এই পরিকল্পনার কথা জানিয়েছেন। আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেয়ার ঠিক একদিন পরেই এই ঘোষণা এল। আইসিজের রায়ে উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে রোহিঙ্গাদের ওপর চালানো হত্যা ও যৌন সহিংসতা ছিল রাষ্ট্র-পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত গণহত্যা। আহমদ জাহিদ এক বিবৃতিতে জানান, মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি আরও কার্যকর, সমন্বিত ও মানবিকভাবে মোকাবেলার সরকারি প্রচেষ্টার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।
তুরস্ক সরকার ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে গ্রহণে সম্মতি দেয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আহমদ জাহিদ। তিনি উল্লেখ করেন, অভিবাসন ব্যবস্থাপনা ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তার দীর্ঘমেয়াদি সমাধানে এটি মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তুরস্কের সাথে এই পারস্পরিক সহযোগিতা শরণার্থী পুনর্বাসনের ক্ষেত্রে একটি নতুন মডেল হিসেবে কাজ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
পুনর্বাসন প্রক্রিয়া বাস্তবায়নের রূপরেখা সম্পর্কে উপ-প্রধানমন্ত্রী জানান, অংশগ্রহণকারী নির্বাচন, প্রশিক্ষণ, নথিপত্র তৈরি এবং সামগ্রিক সমন্বয় কাজ পরিচালনার জন্য সরকার তুরস্কের কর্তৃপক্ষ, ইউএনএইচসিআর এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে নিবিড়ভাবে কাজ করবে। শিল্প খাতের চাহিদা, শরণার্থীদের সম্মতি এবং আন্তর্জাতিক নিয়মকানুন মেনেই এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
বর্তমানে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য মালয়েশিয়ার ওপর স্থানীয় সম্প্রদায়ের পক্ষ থেকে চাপ রয়েছে। ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ মালয়েশিয়ায় নিবন্ধিত মিয়ানমারের নাগরিকের সংখ্যা প্রায় ১ লাখ ৯৩ হাজার, যার দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা। চলতি বছরের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত মালয়েশিয়া ১০ হাজারের বেশি মিয়ানমারের নাগরিককে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে।




