মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার অর্থ দেশটিতে বেসামরিক জনগোষ্ঠীর ওপর চলমান নৃশংসতা ও সহিংসতাকে টিকিয়ে রাখতে সাহায্য করা—এমন মন্তব্য করেছেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি ই ক্যারি। গত ১১ থেকে ১৮ নভেম্বর বাংলাদেশ সফরকালে এক সাক্ষাৎকারে তিনি রোহিঙ্গা শিবিরের নিরাপত্তা, মিয়ানমারে আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তিগুলোর কৌশলগত স্বার্থ এবং জবাবদিহির অভাব নিয়ে এসব কথা তুলে ধরেন। রাহীদ এজাজ তাঁর এই সাক্ষাৎকারটি গ্রহণ করেন।
সফরকালে রোহিঙ্গা শিবিরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেলি ক্যারি জানান, ২০১৮ সালের মতো এখনো শিবিরের বড় অংশজুড়ে নারী ও শিশু অবস্থান করলেও নারীদের নিরাপত্তাহীনতা চরম আকার ধারণ করেছে। অতীতে রাখাইনের সহিংসতা থেকে পালিয়ে এসে নারীরা শিবিরে নিজেদের নিরাপদ মনে করতেন। কিন্তু বর্তমানে শিবিরগুলোর ভেতরেই তাঁরা প্রতিনিয়ত তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি পর্যবেক্ষণ করেছেন।
মিয়ানমারে সরেজমিনে প্রবেশের সুযোগ না পাওয়া প্রসঙ্গে জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি বলেন, জান্তা এবং জান্তাবহির্ভূত উভয় অঞ্চলে কর্মরত সাহসী মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজ সংগৃহীত নিরপেক্ষ তথ্যের ওপরই তাঁকে নির্ভর করতে হয়। এই দায়িত্ব পালনে তিনি নিজের স্বাধীনতা ও তথ্যের নির্ভুলতা বজায় রাখার ওপর জোর দেন। তিনি স্পষ্ট করেন যে নিপীড়ক ও ভুক্তভোগীকে একই দৃষ্টিতে দেখার সুযোগ নেই এবং মানবাধিকার লঙ্ঘন থেকে বেঁচে যাওয়া মানুষের প্রতিই তাঁর একমাত্র পক্ষপাতিত্ব রয়েছে।
মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে ভারত ও চীনের বাণিজ্যিক ও কৌশলগত যোগাযোগের সমালোচনা করে তিনি জানান, সিত্তে বন্দর ও কালাদান মাল্টিমডাল প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিক সম্পৃক্ততা বজায় রাখা মানে একটি অবৈধ শাসনব্যবস্থাকে বৈধতা দেওয়া। এই বৈধতা ও অর্থনৈতিক সম্পদ ব্যবহার করেই সামরিক জান্তা নিজেদের জনগণের ওপর সন্ত্রাস চালাচ্ছে।
চীন ও রাশিয়ার ভূমিকা প্রসঙ্গে কেলি ক্যারেির বিশ্লেষণে উঠে আসে যে, ভারত মহাসাগরে প্রবেশাধিকারের জন্য মিয়ানমার চীনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে চীন সব পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছে এবং তাদের পছন্দের কিছু সশস্ত্র গোষ্ঠীও রয়েছে। চীন চায় না যে রাখাইনের কিয়াউকফিউ এলাকাটি আরাকান আর্মির নিয়ন্ত্রণে যাক। তবে আরাকান আর্মি শেষ পর্যন্ত এর নিয়ন্ত্রণ নিলে চীন তাদের সঙ্গেও কাজ করবে বলে তিনি ধারণা করেন। এ ছাড়া গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈঠকে কুনমিং থেকে মিয়ানমার হয়ে কিয়াউকফিউ ও বঙ্গোপসাগর পর্যন্ত অর্থনৈতিক করিডরের কৌশলগত ধারণা নিয়ে আলোচনা হয়েছিল।
রাখাইনে সম্প্রতি সংঘাত তীব্র হওয়ার পেছনে আরাকান আর্মির সিত্তে ও কিয়াউকফিউর কাছাকাছি চলে আসা অন্যতম প্রধান কারণ। বিদ্রোহী গোষ্ঠীগুলোর জবাবদিহি প্রসঙ্গে কাচিন ইনডিপেনডেন্স আর্মির দৃষ্টান্ত টেনে তিনি জানান, কাচিনে তাদের এক সদস্য সাধারণ নাগরিককে মারধর করায় সংস্থাই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। কিন্তু রাখাইনে আরাকান আর্মি কেবল নিজস্ব সম্প্রদায়ের কাছে জবাবদিহি করে, যা একটি জটিল চ্যালেঞ্জ তৈরি করেছে। একই সঙ্গে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড ও অপরাধমূলক তৎপরতা নিয়ে সৎ মূল্যায়নের প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
সশস্ত্র গোষ্ঠীগুলো বাংলাদেশের ভূখণ্ড তাদের কোনো তৎপরতায় ব্যবহার করতে পারবে না—বাংলাদেশ সরকারের এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন কেলি ক্যারি। তিনি উল্লেখ করেন, রোহিঙ্গা সম্প্রদায় বর্তমানে জান্তা সরকার, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী এবং আরাকান আর্মির ত্রিপক্ষীয় টানাপোড়েনে চরম প্রান্তিক দশায় পিষ্ট হচ্ছে। সংঘাত শেষে মিয়ানমারের ভেতর থেকেই উত্তরণকালীন ন্যায়বিচারের মাধ্যমে প্রকৃত জবাবদিহি নিশ্চিত করতে হবে। অতীতে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র মানবাধিকারের আগে আর্থিক উন্নয়নকে প্রাধান্য দিয়ে যে ভুল করেছিল, সেই একই ভুলের পুনরাবৃত্তি রোধ করার ওপরও জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি তাগিদ দেন।




