রাজধানী ঢাকার সড়কে নিবন্ধিত ও অনুমোদিত নতুন ব্যাটারিচালিত ই-রিকশা চলাচল শুরু হলেও শুরুতেই তৈরি হয়েছে ভাড়া নিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) গবেষণায় নির্ধারিত নিরাপত্তামূলক নতুন নকশায় এসব যান তৈরি হলেও সরকার বা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জমা কিংবা যাত্রীদের কিলোমিটারপ্রতি ভাড়ার কোনো হার নির্দিষ্ট করে দেওয়া হয়নি। ফলে রিকশার চড়া দাম ও দৈনিক জমার বাড়তি খরচ তুলতে চালকেরা যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া দাবি করছেন।
গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করে। কিন্তু ওই বিধিমালায় নিবন্ধন, কারিগরি মান ও নিরাপত্তার শর্তগুলো অন্তর্ভুক্ত করা হলেও সড়কের ভাড়া এবং চালকদের দৈনিক জমার বিষযটি উহ্য রাখা হয়েছে। সম্প্রতি রাজধানীর মাজার রোড থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত ১০ কিলোমিটারের কিছু বেশি দূরত্বের জন্য এক ই-রিকশাচালক ৫০০ টাকা দাবি করেন, যা পরে দরদামের মাধ্যমে ৪০০ টাকায় নেমে আসে। সরকারি নিয়ম অনুযায়ী একই দূরত্বে সিএনজিচালিত অটোরিকশার নির্ধারিত ভাড়া হওয়ার কথা ১৪০ টাকা। যদিও সিএনজি চালকদের মতো নতুন ই-রিকশাচালকেরাও সেই নিয়ম না মেনে মনগড়া ভাড়া চাইছেন।
ই-রিকশার মালিক ও ডিলারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে বর্তমানে একটি নতুন ই-রিকশা কিনতে ডিলার পর্যায়ে প্রায় পাঁচ লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। বুয়েটের নির্দেশিকা অনুযায়ী ব্যাটারি ছাড়া একটি ই-রিকশা তৈরিতে প্রায় দেড় লাখ টাকা খরচ হওয়ার কথা থাকলেও যন্ত্রাংশ ও উন্নত ব্যাটারির মানের কারণে দাম অনেক বাড়ছে। আকিজ মটরসের তৈরি বুয়েট অনুমোদিত ই-রিকশার দাম ৩ লাখ ৭২ হাজার টাকা এবং মনির অটোতে তা ৪ লাখ ৩৫ হাজার টাকা। আবার কাফরুলের মেসার্স আরাফ এন্টারপ্রাইজের মতো ডিলার প্রতিষ্ঠানগুলো নিবন্ধন ফি ও আনুষঙ্গিক সহ ৪ লাখ ৮৫ হাজার টাকা পর্যন্ত মূল্য রাখছে। গাড়ি কেনার পর গ্রিল বা সুরক্ষা ব্যবস্থা লাগাতে ক্রেতাদের অতিরিক্ত আরও ৩৫ হাজার টাকা ব্যয় করতে হচ্ছে।
একটি ই-রিকশা নামাতে প্রায় পাঁচ লাখ টাকা বিনিয়োগ হওয়ায় রিকশামালিকেরা চালকদের কাছ থেকে দিনে ৮০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত জমা নিচ্ছেন। মিরপুর-১ এলাকায় কথা বলা রিকশাচালক ও মালিকদের দেওয়া তথ্য অনুযায়ী, জমার পর বিদ্যুৎ খরচ ও গ্যারেজ ভাড়া বাবদ আরও ২০০ টাকা কেটে রাখলে মালিকদের নিট থাকে প্রায় ৬০০ টাকা। রিকশাচালকদের সিংহভাগই গ্রামে বা মেসে বাস করা সাধারণ মানুষ, যাদের এককালীন এত টাকা দিয়ে যান কেনার সক্ষমতা নেই। আগের অনিবন্ধিত রিকশার মতোই তারা মালিকের কাছ থেকে ভাড়ায় রিকশা নিয়ে চালাচ্ছেন এবং জমার টাকা তুলতেই যাত্রীদের ওপর ভাড়ার বোঝা চাপিয়ে দিচ্ছেন।
বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মো. এহসানের নেতৃত্বে ছয় সদস্যের একটি গবেষক দল দেশের ১২ ধরনের ব্যাটারিচালিত রিকশার ত্রুটি পর্যালোচনা করে ১৬টি নতুন সুরক্ষা বৈশিষ্ট্য যুক্ত করে এই ই-রিকশার নকশা প্রস্তুত করেন। এতে তিনটি চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক, মোড় নেওয়ার সংকেতবাতি, পেছনের যান দেখার আয়না, বিকল্প পার্কিং ব্রেক, স্থায়ী হেডলাইট, সামনের কাচ ও ছাউনি রাখা হয়েছে। ইতিমধ্যে অন্তত এক ডজন নির্মাতা প্রতিষ্ঠান তাদের রিকশার ‘টাইপ’ অনুমোদন নিয়েছে এবং আরও ১০ থেকে ১৫টি প্রতিষ্ঠান অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। ঢাকা দক্ষিণ সিটিতে ২৯ হাজার ফরম বিক্রি সহ চার রঙের ই-রিকশা চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
নতুন এই বিধিমালার অধীনে একজন ব্যক্তি একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নিতে পারবেন। সিটি করপোরেশন এলাকায় দুই যাত্রী বহনকারী ই-রিকশার নিবন্ধন ফি ৮ হাজার টাকা ও নবায়ন ফি ৪ হাজার টাকা এবং চার যাত্রী বহনকারীর জন্য নিবন্ধন ফি ১০ হাজার টাকা ও নবায়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতি বছর ১ হাজার টাকা ফিটনেস সনদ ফি প্রযোজ্য। তবে অভিযোগ রয়েছে যে অনেক ডিলার সরকারি নির্ধারিত ফি-র চেয়ে বেশি টাকা নিচ্ছেন। নিবন্ধনের জন্য প্রতিটি যানে কিউআর কোডযুক্ত স্বতন্ত্র নম্বরপ্লেট দেওয়ার নিয়ম রাখা হয়েছে।
এর আগে রাজধানীসহ সারাদেশে অনিবন্ধিত যেসব লাখ লাখ ব্যাটারিচালিত রিকশা চলত, সেগুলোর দাম ৬০ হাজার থেকে দেড় লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল এবং ২০ থেকে ১০০ টাকার মধ্যে যাত্রী সাধারণ চলাচল করতে পারত। অনিবন্ধিত যানগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় সেগুলোকে রাস্তা থেকে সরিয়ে নিরাপত্তাবেষ্টনী জোরদার করতে সরকার বৈধ ই-রিকশার অনুমোদন দেয়। তবে ভাড়ার বিষয়ে কোন সুনির্দিষ্ট দিকনির্দেশনা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ নগরবাসী। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, সব সিটি করপোরেশনের যান্ত্রিক বিভাগ ও ট্রাফিক পুলিশ যৌথভাবে চালকদের দৈনিক জমা ও যাত্রীদের যাতায়াত ভাড়া নির্ধারণ করবে এবং এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ইতিমধ্যে প্রদান করা হয়েছে।
চালকদের কাছ থেকে প্রতিদিন এক হাজার ১০০ থেকে এক হাজার ৩০০ টাকা নেন।
কিন্তু যাত্রীদের কাছ থেকে প্রথম দুই কিলোমিটারেই বাস্তবে ১২০ থেকে ১৫০ টাকা আদায় করা হয়।ই-রিকশার ক্ষেত্রেও শুরুতেই মালিকেরা ইচ্ছেমতো জমা নেওয়া শুরু করেছেন।




