নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে আর পুনরুত্থান হতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে নিম গাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘বাংলাদেশের মাটিতে তাঁবেদার রাষ্ট্র কায়েমের জন্য যারা চেষ্টা করবে, ষড়যন্ত্র করবে, সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র মোকাবিলা করবে।’ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, সরকার বর্তমানে ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘন না করে আইন অনুযায়ী পরিস্থিতি সামাল দিচ্ছে। তবে এই ধৈর্যকে দুর্বলতা হিসেবে গণ্য করার সুযোগ নেই। পরিস্থিতি উন্নত না হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি সতর্ক করেন।
বিদেশ থেকে আসা উসকানিতে কান না দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যারা দূর থেকে নানা নির্দেশ দিচ্ছেন, তাদের দেশে এসে সরাসরি নেতৃত্ব দেওয়ার সাহস দেখাতে হবে।
অনুষ্ঠানে মোকামতলা এলাকার উন্নয়নের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন মীর শাহে আলম। তিনি জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের মোকামতলা হাইস্কুল মাঠে আসার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ওই দিনই তিনি নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা এবং মোকামতলা থানার ফলক উন্মোচন করবেন। এছাড়া ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্পেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
শিক্ষার্থীদের মাঝে মগ ও নিমগাছের চারা বিতরণের বিষয়ে তিনি বলেন, শিবগঞ্জ ও মোকামতলা এলাকার মোট ১ লাখ ২২ হাজার বাড়ির মধ্যে প্রথম পর্যায়ে ৬২ হাজার বাড়িতে মগ পৌঁছে দেওয়া হচ্ছে। পরবর্তী বছর প্রধানমন্ত্রীর ৬৩তম জন্মদিন উপলক্ষে অবশিষ্ট ৬০ হাজার বাড়িতে মগ বিতরণ করা হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, গাছের চারা রোপণ করে সেটির পরিচর্যা করতে হবে এবং নিজেদের আশপাশ পরিষ্কার রেখে মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে মোকামতলা এলাকার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে শিবগঞ্জ ও মোকামতলা এলাকার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের আরও ৬৪ হাজার শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীর মধ্যে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, মোকামতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি তাজুল ইসলাম, মীর শাকরুল আলম সীমান্ত, সদস্যসচিব রোকনউদ্দৌলা রুবেল, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, রুহুল আমিন ফটু, নুরে আলম মামুন তালুকদার, যুবদলের আহ্বায়ক রাসেল মাহমুদ সবুজ ও সদস্যসচিব উজ্জ্বল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৩: ০৬আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৩: ০৮




