পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মন্তব্য করেছেন যে, ‘জয় বাংলা’ স্লোগানটি এখন আওয়ামী লীগের পালানোর স্লোগানে পরিণত হয়েছে। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সন্ত্রাসীরা পেট্রোল বোমা মেরে ‘জয় বাংলা’ বলে পালিয়ে যাচ্ছে। তার মতে, আওয়ামী লীগ এখন কার্যত একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে এবং দলটির নেতা-কর্মীদের এমন কর্মকাণ্ড দেশের মানুষ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের ভাবমূর্তি নষ্ট করছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের কার্যক্রম এখন বিক্ষিপ্ত সন্ত্রাসী তৎপরতায় সীমাবদ্ধ হয়ে পড়েছে। কোথাও পেট্রোল বোমা মেরে আবার কোথাও আগুন জ্বালিয়ে তারা পালিয়ে যাচ্ছে। দেশের ভেতরে ও বাইরে মানুষ তাদের সন্ত্রাসী হিসেবে দেখছে এবং তাদের এই বিক্ষিপ্ত ও কাপুরুষোচিত কর্মকাণ্ডই সেটি প্রমাণ করছে। তিনি স্পষ্ট করে বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোনোভাবেই বাংলাদেশের জনজীবনে আতঙ্ক ছড়াতে পারবে না। বরং তারাই এখন আতঙ্কে পালাচ্ছে বলে তিনি দাবি করেন।
বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তির বিষয়ে হুমায়ুন কবির বলেন, গত আট মাসে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ একাধিক সাফল্য অর্জন করেছে। এর মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্ব অর্জন, আন্তঃসংসদীয় ইউনিয়নের নির্বাচনে জয় এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সময়সীমা বাড়ানোর বিষয়ে আন্তর্জাতিক সমর্থন আদায়কে তিনি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করেন। এছাড়া রোহিঙ্গা গণহত্যা ও প্রত্যাবাসন ইস্যুতেও বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের আলোকে কাজ করছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থান এখন শক্তিশালী। বিদেশি বিনিয়োগ আসছে এবং বিভিন্ন দেশের সঙ্গে বিনিয়োগ অংশীদারত্ব ও সহযোগিতা বাড়ছে। কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক অগ্রগতি সরকারের অগ্রাধিকার। সরকারি দলের সংসদ সদস্যদের বাড়িঘরে অগ্নিসংযোগ, কর্মীদের হত্যা এবং জনমনে আতঙ্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি সরকার একটি সহনশীল সরকার। স্বৈরাচারী সরকারের মতো এখানে গণহারে দমন-পীড়ন চালানো হচ্ছে না। একটি ক্ষুদ্র সন্ত্রাসী গোষ্ঠী এসব কর্মকাণ্ড করছে এবং সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। বাংলাদেশ সবার জন্য সুযোগ সৃষ্টি করে একটি নতুন বাংলাদেশ হিসেবে এগিয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।




