ফিলিস্তিনের গাজা উপত্যকার অন্যতম বৃহৎ হাসপাতাল নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলায় চিকিৎসক রিজক আবু শাইরা নিহত হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য আদম হামাউইর বন্ধু ও সহকর্মী ছিলেন। গত ১১ নভেম্বর খান ইউনিসের পশ্চিমে অবস্থিত হাসপাতালটিতে চালানো এই হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আদম হামাউই তার বন্ধুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, রিজক আবু শাইরা একজন সার্জারি চিকিৎসক ছিলেন। ভয়াবহ পরিস্থিতির মধ্যেও তিনি দিনরাত কাজ করে যত বেশি সম্ভব মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করেছেন।
হামাউই তার পোস্টে লিখেছেন, হতাহতের সংখ্যা যখন বাড়ছিল, তখনো তিনি অসম্ভব পরিস্থিতির মধ্যে কাজ করে গেছেন। তিনি আরও বলেন, একজন সার্জারি চিকিৎসক হিসেবে আমি তাকে এভাবেই স্মরণ করি।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির চিকিৎসক আদম হামাউই আগামী জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে তার প্রথম মেয়াদ শুরু করবেন। তিনি জানিয়েছেন, কংগ্রেসের সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইসরাইলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকরে তিনি প্রতিদিন কাজ করবেন।




