বঙ্গোপসাগরের তেল-গ্যাস, সামুদ্রিক খনিজ, বিদ্যুৎ উৎপাদন, মৎস্য সম্পদ, লবণ শিল্প এবং মাতারবাড়ী বন্দর ও পরিবেশ সংরক্ষণকে একসূত্রে গেঁথে কক্সবাজারে বাংলাদেশের জন্য একটি নতুন অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা সম্ভব। দেশের অর্থনৈতিক আলোচনায় সাধারণত কৃষি, তৈরি পোশাক, প্রবাসী আয় ও স্থলভিত্তিক অবকাঠামোর কথা উঠে এলেও, কক্সবাজারের মতো সামুদ্রিক অঞ্চলের বিশাল সম্ভাবনা এখনো পুরোপুরি কাজে লাগানো যায়নি। এই অঞ্চলকে পর্যটন, লবণ শিল্প, মৎস্য আহরণ বা বন্দর প্রকল্প হিসেবে আলাদাভাবে না দেখে এদের মধ্যে অর্থনৈতিক সংযোগ তৈরি করা গেলে প্রতিটি খাতের মূল্য বহুগুণ বৃদ্ধি পাবে। কক্সবাজারের ভবিষ্যৎ কেবল বন্দর নির্মাণ বা মাছ আহরণের পরিমাণের ওপর নির্ভর করছে না, বরং আহরিত সম্পদকে উচ্চমূল্যের পণ্যে রূপান্তর, প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাকৃতিক সম্পদ সুরক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।
পরিকল্পনা কমিশনের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার তথ্য অনুযায়ী, বাংলাদেশের সামুদ্রিক এলাকার আয়তন প্রায় ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার। এই বিশাল অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা যাচাইয়ে দীর্ঘমেয়াদি বৈজ্ঞানিক জরিপ প্রয়োজন। পাশাপাশি 'জাতীয় সামুদ্রিক সম্পদ হিসাব' প্রতিষ্ঠা করা জরুরি, যেখানে মাছের মজুদ, উপকূলীয় বাস্তুতন্ত্র, সামুদ্রিক আবাসস্থল এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উপকূলের ভূমিকার মতো বিষয়গুলো নিয়মিত মূল্যায়ন করতে হবে। জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বঙ্গোপসাগরের অগভীর ও গভীর সমুদ্রের ২৬টি ব্লক (১১টি অগভীর ও ১৫টি গভীর) আন্তর্জাতিক কোম্পানির জন্য উন্মুক্ত করা হয়েছে। সফল অনুসন্ধান ও বাণিজ্যিক উৎপাদন সম্ভব হলে জ্বালানি আমদানির চাপ কমানো ও শিল্পের উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে, সমুদ্র তলদেশে জিরকন, ইলমেনাইট, রুটাইল, গারনেট, ম্যাগনেটাইট, কায়ানাইট ও মোনাজাইটের মতো মূল্যবান ভারী খনিজ রয়েছে। এই কাঁচামাল রপ্তানি না করে দেশে প্রক্রিয়াজাত ও মূল্য সংযোজন করা গেলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলা সম্ভব। এছাড়া জোয়ার-ভাটা, ঢেউ ও বায়ু শক্তি কাজে লাগিয়ে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করা গেলে তা উপকূলীয় শিল্পাঞ্চল ও পর্যটন কেন্দ্রে সরাসরি বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে। মৎস্য আহরণের ক্ষেত্রে বর্তমান ২০০ মিটার গভীরতার সীমাবদ্ধতা কাটিয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও মাছের মান নিয়ন্ত্রণ ও প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থার উন্নয়ন ঘটালে জেলেদের আয় বাড়বে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সামুদ্রিক খাদ্য পণ্যের বিশ্বাসযোগ্যতা তৈরি হবে।
লবণ শিল্পকে আধুনিকায়ন করে আর্টেমিয়া চাষ ও চিংড়ির পোনা উৎপাদনের মতো বহুমুখী জীবিকার সুযোগ তৈরি করা প্রয়োজন। পর্যটন খাতকে কেবল হোটেল-রেস্তোরাঁর মধ্যে সীমাবদ্ধ না রেখে স্থানীয় সংস্কৃতি, হস্তশিল্প ও সামুদ্রিক ভ্রমণকে নতুন পর্যটন পণ্য হিসেবে গড়ে তুলতে হবে। মহেশখালীর মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের সক্ষমতা বাড়াতে একটি কৌশলগত উদ্যোগ। বন্দরের সাথে শিল্প, সরবরাহ ব্যবস্থা, প্রশিক্ষণ ও স্থানীয় উদ্যোক্তাদের কার্যকর সংযোগ স্থাপন করতে হবে। জাহাজ নির্মাণ শিল্পেও আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক সনদ অর্জনের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি সম্ভব। উপকূলীয় ম্যানগ্রোভ ও জলাভূমিকে অর্থনৈতিক সম্পদ হিসেবে বিবেচনা করে পরিবেশ রক্ষা করলে তা দীর্ঘমেয়াদে টেকসই সমৃদ্ধি নিশ্চিত করবে। কক্সবাজারের এই সুনীল অর্থনীতি সফল করতে হলে স্থানীয় মানুষের অংশগ্রহণ ও দক্ষতা বৃদ্ধি নিশ্চিত করে একটি সমন্বিত ও পর্যায়ক্রমিক পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে।




