গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। এই সময়ে সারা দেশে ৭৮টি ককটেল বিস্ফোরণের পাশাপাশি ৭৪টি গণপরিবহন ও পুলিশের ১৮টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত এক পরিসংখ্যানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি এসব তথ্য তুলে ধরে।
পুলিশ সূত্রে জানা গেছে, পর্যালোচিত ১২ দিনে নাশকতার পাশাপাশি পুলিশের বিভিন্ন স্থাপনা ও যানবাহনকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। পুলিশের তিনটি স্থাপনায় আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়া দুটি পুলিশি স্থাপনায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং একটি গাড়ি বিস্ফোরণের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়। ধারাবাহিক এসব নাশকতার ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ৩৮টি মামলা দায়ের করেছে এবং ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সংঘটিত মোট ঘটনার বিপরীতে সর্বমোট কতটি মামলা হয়েছে, সে বিষয়ে আলাদা কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি পুলিশ সদর দপ্তর।
রাজধানীসহ দেশের নানা প্রান্তে পোশাকশ্রমিকদের আন্দোলন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের বিভিন্ন তৎপরতাকে কেন্দ্র করেই এসব ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটানো হচ্ছে। বিশেষ করে চলন্ত গণপরিবহনে অগ্নিসংযোগ, দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং পুলিশের স্থাপনা ও যানবাহনে একের পর এক হামলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বাড়তি চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। এতে সারা দেশের জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
সার্বিক পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি নজরদারি ও টহল জোরদার, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো এবং যেকোনো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর মতো পদক্ষেপ চালু রয়েছে। নিষিদ্ধ সংগঠন কিংবা কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা দলগুলো যাতে নতুন করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দেশের আইনশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে এবং নাশকতায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন এই পুলিশ কর্মকর্তা।




