মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে দীর্ঘদিনের জটিলতা সফল আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে তিনি জানান, এই সমাধানের পথ ধরে এখন প্রায় বিনামূল্যে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে দেশটিতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে বিগত সরকারের কঠোর সমালোচনা করে বলেন, পূর্বের পলাতক স্বৈরাচারের সময় তাদের মদদপুষ্ট সিন্ডিকেট বিদেশে লোক পাঠানোর নাম করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছিল। তাদের এমন কর্মকাণ্ডের কারণে অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ বা স্থগিত করে দিয়েছিল, অথবা ভিসা প্রক্রিয়া অত্যন্ত ধীরগতির করে ফেলেছিল।
মালয়েশিয়ার শ্রমবাজারের জটিলতা নিরসনের সুখবর দিয়ে সংসদ নেতা আরও জানান, কয়েকদিন আগেই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন। সামান্য কিছু আনুষঙ্গিক খরচ ছাড়া এই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো সম্ভব হবে।
এই ১০ হাজার কর্মীর কোটার মধ্যে বিশেষ অগ্রাধিকারের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারের আমলে যারা গুম ও খুনের শিকার হয়েছেন এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে যারা শহীদ ও হতাহত হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের জন্য প্রায় ১ হাজার কোটা বরাদ্দ রাখা হয়েছে।
মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী জানান, বেশ কয়েকটি দেশের সঙ্গে সরকারের আলোচনা চলমান রয়েছে। এর মধ্যে কয়েকটি দেশ ইতোমধ্যে গাড়িচালকসহ বিভিন্ন খাতে নতুন করে জনশক্তি নিতে আগ্রহ প্রকাশ করেছে। তিনি আরও বলেন, যারা সিন্ডিকেট করে সাধারণ মানুষকে ঠকিয়ে অর্থ আত্মসাৎ করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে সরকার কাজ করছে।
এছাড়া বিদেশগামী কর্মীদের প্রণোদনা দেওয়ার বিষয়ে এক সংসদ সদস্যের প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রণোদনার অর্থের উৎস সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া গেলে সরকার এ বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা বিবেচনা করতে পারে।
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১৬: ৪৫আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৬: ৪৭




