পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে ৭৭টি ককটেল বোমা, গান পাউডার এবং ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এসআরবি এসব বিস্ফোরক উদ্ধার করে।
ঘটনার খবর পাওয়ার পর রাজশাহী থেকে এসআরবির বম্ব ডিস্পোজাল ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিপুল পরিমাণ ককটেল পাওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এসব ককটেল বোমা কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখেছিল, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এসআরবি পাবনা-১২ কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। বর্তমানে সাঁথিয়া থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।




