সিরাজগঞ্জের হাটিকুমরুল ধোপাকান্দি এলাকায় ট্রাকচাপায় দুই পথচারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের ধোপাকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঠান্ডু সরকার এবং দলিল লেখক আব্দুল আলীম। তারা দুজনেই হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার বাসিন্দা ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহাবুব রহমান জানান, ভোরে ঘনকুয়াশার মধ্যে ঠান্ডু সরকার ও আব্দুল আলীম মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পুলিশ আরও জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘনকুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
Post Views: 26




