নগর প্রতিবেদক: কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমকে কারাগারে পাঠানো হয়েছে। মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত এই আদেশ দেন। একইসঙ্গে সাবেক কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার যুক্তিতর্ক শেষে আগামী ৩০ নভেম্বর রায়ের জন্য দিন ধার্য করেছেন আদালত।
মামলা সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়ীতে ১ হাজার ৪১৪ একর জমিতে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছিল। এ প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা চিংড়িঘের, ঘরবাড়িসহ অবকাঠামোর বিপরীতে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় ২৩৭ কোটি টাকা। এর মধ্যে ২৫টি অস্তিত্বহীন চিংড়িঘের দেখিয়ে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় ৪৬ কোটি ৩ হাজার ৩২০ টাকা। সেখান থেকে নানা কৌশলে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা তুলে আত্মসাৎ করা হয়।
এ ঘটনায় ২০১৪ সালের ২০ নভেম্বর মাতারবাড়ীর ব্যবসায়ী একেএম কায়সারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিন, সাবেক এডিসি (রাজস্ব) জাফর আলমসহ ২৮ জনের বিরুদ্ধে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য দুদককে নির্দেশ দেন। দুদক তদন্ত শেষে ৩৬ জনের জড়িত থাকার প্রমাণ পায়। ২০১৭ সালে ৩ এপ্রিল ৩৬ জনেরবিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। আদালত ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন বলেন, কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় মোট ৩৪ জন আসামির বিরুদ্ধে অভিযোগগঠন করে বিচার শুরু হয়। তাঁদের মধ্যে ১৯ জনের বিচার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে। বাকি ১৫ জনের বিরুদ্ধে ২৮ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আগামী ৩০ নভেম্বর রায়ের জন্য দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার আদালতে ১৫ জন আসামির মধ্যে সাবেক এডিসি জাফর আলমসহ ৫ জন উপস্থিত ছিলেন। তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এছাড়াও সাবেক ডিসি মো.রুহুল আমিনসহ ১০ জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।




