সাতক্ষীরা সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার প্রতিরোধে সীমান্তজুড়ে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। বাড়তি সতর্কতার অংশ হিসেবে গত ১৫ নভেম্বর দিবাগত রাতে সীমান্তের পাঁচটি পৃথক স্থানে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে কয়েক রাউন্ড সতর্কতামূলক গুলি ছোঁড়ে বিজিবি। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) ৩৩ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ব্যাটালিয়নের আওতাধীন ৫৪ কিলোমিটার সীমান্তজুড়ে কৌশলগত পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে দিন-রাত সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি। অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলোতে সার্বক্ষণিক টহল ও পর্যবেক্ষণ নিশ্চিত করা হচ্ছে।
সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তির আধুনিক সরঞ্জামও যুক্ত করা হয়েছে। বিজিবি জানিয়েছে, টহলের পাশাপাশি থার্মাল ড্রোন, নাইট ভিশন বাইনোকুলার, সিসি ক্যামেরা ও সার্চলাইট ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে। একই সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় রেখে তথ্য সংগ্রহ ও পরিস্থিতি পর্যবেক্ষণ কার্যক্রম চলছে।
যে কোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়নের সব সদস্য ও সীমান্ত ফাঁড়ির (বিওপি) জনবলকে প্রস্তুত রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।




