নগর প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা টহল ও তদারকি জোরদার করেছে জেলা প্রশাসন। সোমবার (১৬ নভেম্বর) রাতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।নগরবাসীর নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে জেলা প্রশাসনের এ ধরনের বিশেষ টহল ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানা গেছে।
জেলা প্রশাসন জানায়, টহল ও তদারকির সময় সংশ্লিষ্ট এলাকাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে পাওয়া গেছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অসংগতি দেখা যায়নি।
বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরার নেতৃত্বে কোর্ট বিল্ডিং, সার্কিট হাউস ও ডিসি হিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল দেওয়া হয়। এসময় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। অন্যদিকে আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশের নেতৃত্বে সদরঘাট, দেওয়ানহাট, ডাবলমুরিং ও বন্দর থানা এলাকার নিরাপত্তা পরিস্থিতি তদারকি করা হয়।
পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাকের নেতৃত্বে পতেঙ্গা, ইপিজেড ও বন্দর থানা এলাকার গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানে বিশেষ নজরদারি চালানো হয়।
এছাড়া চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেনের নেতৃত্বে পাঁচলাইশ এলাকার ফ্লাইওভার, মুরাদপুর, বহদ্দারহাট এবং চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক শিল্পনগরী এলাকায় টহল পরিচালিত হয়।




