গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ সহিংস ঘটনা শুরু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে টুঙ্গিপাড়া থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে। এই গ্রেপ্তারকৃতদের ছাড়িয়ে নিতে থানায় যান ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশের সাথে তাদের বাকবিতণ্ডা শুরু হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মাইকিং করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে থানায় হামলা চালায়। এ সময় তারা থানা প্রাঙ্গণে থাকা পুলিশের গাড়ি, মোটরসাইকেল ও মেসে আগুন ধরিয়ে দেয়। হামলাকারীরা থানা থেকে আসামিদের ছিনিয়ে নেওয়ার পাশাপাশি পুলিশের অস্ত্রও লুট করে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে না আসায় তারা থানা ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়। এই ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন, তবে তাদের নাম ও সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
একই সময়ে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস. এম. জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড দেওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি কোথাও আগুন নেভাতে যেতে পারেনি। এ ঘটনায় বাড়িটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। রিপোর্ট লেখা পর্যন্ত টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা চলমান ছিল। এ বিষয়ে মন্তব্য নেওয়ার জন্য পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।




