রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর গুলশান বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি দল এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারের পর তাকে গুলশান থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগে ২০২৫ সালের ১৩ নভেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ এবং একজন কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন দেয়। এছাড়া গত ১০ ফেব্রুয়ারি আদালত সাঈদ খোকন ও তার পরিবারের ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছিলেন। আদালতকে সে সময় জানানো হয়েছিল যে, অভিযুক্তদের ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন রয়েছে এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দেশে-বিদেশে বিপুল সম্পদ অর্জন করেছেন সাঈদ খোকন।
তদন্তকারী সংস্থাগুলোর মতে, এসব ব্যাংক হিসাব থেকে অর্থ স্থানান্তর ও উত্তোলনের ঝুঁকি থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি আর্থিক যোগসূত্র থাকার তথ্যও পাওয়া গেছে। এর আগে ঢাকা-৬ আসনের সাবেক এই সংসদ সদস্য, তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং ভাই জাবেদ আহমেদের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত।




