অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করার লক্ষ্যে আফ্রিকার দেশ রুয়ান্ডায় একটি অভিবাসী প্রত্যাবাসন কেন্দ্র চালু করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি দেশ। জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস এবং নেদারল্যান্ডস এই পরিকল্পনার অংশীদার হিসেবে কাজ করবে। সোমবার সংশ্লিষ্ট দেশগুলোর সরকার পৃথক বিবৃতিতে এই নতুন কৌশলের কথা নিশ্চিত করেছে, যা ২০২৭ সাল থেকে কার্যকর হবে। তাদের ভাষ্যমতে, এই কেন্দ্রটি মূলত একটি ‘রিটার্ন হাব’ হিসেবে ব্যবহৃত হবে।
এই ব্যবস্থার আওতায় কেবল সেইসব অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানো হবে, যাদের পাঁচটি দেশে বৈধভাবে বসবাসের সব আইনি সুযোগ শেষ হয়ে গেছে এবং যাদের বহিষ্কারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। নেদারল্যান্ডস সরকার জানিয়েছে, নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব না হলে এই কেন্দ্রটি অভিবাসীদের জন্য একটি বিকল্প ব্যবস্থা হিসেবে কাজ করবে। রুয়ান্ডায় পৌঁছানোর পর অভিবাসীরা দেশটির সমাজে একীভূত হওয়ার সুযোগ পাবেন অথবা সেখান থেকে নিজ দেশে ফিরে যেতে পারবেন। সেখানে তাদের বসবাসের অনুমতির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও আইনি ব্যবস্থার সুযোগ নিশ্চিত করা হবে।
ডাচ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র অবিবাহিত পুরুষ অভিবাসীদের এই কেন্দ্রে পাঠানো হবে এবং রুয়ান্ডার কাছাকাছি অঞ্চলের দেশগুলো থেকে আসা অভিবাসীদের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হবে। তবে কোনো সঙ্গীহীন শিশুকে এই প্রক্রিয়ার আওতায় আনা হবে না। অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার ভিয়েনায় এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, ইউরোপের আশ্রয়ব্যবস্থার ওপর চাপ কমানো এবং মানবপাচারকারীদের মাধ্যমে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ঘটা প্রাণঘাতী যাত্রা বন্ধ করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
কূটনৈতিক সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে এই কেন্দ্রটি চালুর পরিকল্পনা রয়েছে, যেখানে প্রায় ১০০ জন অভিবাসী রাখা হতে পারে। প্রতিটি দেশ থেকে আনুমানিক ২০ জন করে অভিবাসী পাঠানোর সম্ভাবনা রয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করতে পারে। রুয়ান্ডার স্বরাষ্ট্রমন্ত্রী ভিনসেন্ট বিরুতা জানিয়েছেন, ইউরোপীয় অংশীদারদের সঙ্গে কাজ করতে তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা অভিবাসীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ সমাধান দিতে চায়।
তবে এই পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ভিন্নমত ও সমালোচনাও রয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই উদ্যোগের ভবিষ্যৎ ও মানবিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এটিকে কোনো সমাধান হিসেবে দেখছেন না বলে মন্তব্য করেছেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের গবেষক ক্লেমেন্টাইন দে মন্টজয় রুয়ান্ডার অতীত মানবাধিকার রেকর্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, এই ধরনের কর্মসূচি কেবল প্রত্যাবাসিত ব্যক্তিদের দুর্ভোগই বাড়াবে না, বরং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত সরকারকে রাজনৈতিক ও আর্থিক সুবিধা দেবে। ইউরোপীয় ইউনিয়নের স্বাধীন সংস্থা ‘এজেন্সি ফর ফান্ডামেন্টাল রাইটস’-ও সতর্ক করেছে যে, প্রত্যাবাসন কেন্দ্র পরিচালনাকারী তৃতীয় দেশকে অবশ্যই মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, ইউরোপের বিভিন্ন দেশে নির্বাচন সামনে রেখে অভিবাসন নিয়ন্ত্রণে রাজনৈতিক চাপ বাড়ছে। ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ১০ মাসে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে প্রায় ১ লাখ ১০ হাজার অনিয়মিত প্রবেশ শনাক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় ২৯ শতাংশ কম। তবে পশ্চিম আফ্রিকা হয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন বৃদ্ধি পাওয়ায় অক্টোবরে সীমান্ত পারাপারের সংখ্যা কিছুটা বেড়েছে।
২০২৪ সালে ক্ষমতায় আসার পর লেবার সরকার সেটি বাতিল করে।
২০২৫ সালের অক্টোবরের তুলনায় এ সংখ্যা ৬ শতাংশ কম হলেও সেপ্টেম্বরের তুলনায় ২২ শতাংশ বেশি।




