তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। গতকাল সকাল ১১টায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিতের ঘোষণা আসে। মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত আদিষ্ট হয়ে এই সভা স্থগিত করা হয়েছে। মালিকপক্ষ জানিয়েছে, তারা সভায় প্রস্তাব দেওয়ার জন্য শতভাগ প্রস্তুত ছিলেন।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, সভা স্থগিতের নেপথ্যে রাজনৈতিক অস্থিরতা ও নতুন করে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ার আশঙ্কা কাজ করেছে। বিশেষ করে গোপালগঞ্জে চলমান রাজনৈতিক উত্তেজনার প্রভাব পোশাকশিল্পের শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে— এমন উদ্বেগের কারণেই সভা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া মালিকপক্ষের প্রস্তাবিত মজুরির পরিমাণ নিয়েও উদ্বেগ ছিল। অধিকাংশ মালিক ১৫ হাজার ৫০০ থেকে ১৬ হাজার টাকার মধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণের পক্ষে থাকলেও শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকার দাবি জানিয়ে আসছে। বর্তমান পরিস্থিতিতে মালিকপক্ষের তুলনামূলক কম মজুরির প্রস্তাব বোর্ডে জমা পড়লে শ্রমিকদের মধ্যে অসন্তোষ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়।
শিল্প মালিকদের একাধিক সূত্রে জানা গেছে, শনিবার মালিকপক্ষের মতবিনিময় সভার পর কয়েকজন উদ্যোক্তা বিজিএমইএ’র সভাপতিকে সতর্ক করেছিলেন। তাদের পরামর্শ ছিল, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রস্তাব জমা না দেওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা। রোববার একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনেও রাজনৈতিক পরিস্থিতি ও শ্রমিক অসন্তোষের বিষয়টি উঠে আসে। এসব বিষয় বিবেচনায় নিয়ে রোববার রাতেই সরকারের উচ্চপর্যায়ে সভা স্থগিতের সিদ্ধান্ত হয় এবং সোমবার সকালে সদস্যদের বিষয়টি জানানো হয়।
সোমবার সকাল সোয়া ৯টার দিকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সদস্যদের বার্তা দেওয়া হয়। এর আগে সকাল ৮টার দিকে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী শ্রমিক প্রতিনিধি বাবুল আখতারকে ফোন করে সভা স্থগিতের কথা জানান। বাবুল আখতার জানান, চেয়ারম্যান তাকে আনোয়ার হোসাইনের অসুস্থতার পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিক অসন্তোষের বিষয়টিও কারণ হিসেবে উল্লেখ করেছেন। শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার জানান, তারা সদস্যের অসুস্থতার কথা শুনেছেন এবং দ্রুত মজুরি নির্ধারণের আলোচনা এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বিজিএমইএ’র সাবেক পরিচালক শোভন ইসলাম এই সিদ্ধান্তকে বিচক্ষণতাপূর্ণ বলে অভিহিত করেছেন। তিনি মনে করেন, শিল্পাঞ্চলে উত্তেজনার মধ্যে মালিকপক্ষের প্রস্তাবকে কেন্দ্র করে শ্রমিকদের ক্ষোভ রাজনৈতিক স্বার্থে ব্যবহারের আশঙ্কা ছিল। তবে তিনি দ্রুত সমঝোতায় পৌঁছানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন। উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে পোশাক শ্রমিকদের সর্বশেষ মজুরি কাঠামোয় সর্বনিম্ন বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল।




