অভিন্ন নদীর পানির ন্যায্য পাওনা নিশ্চিত করতে ও আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশের মানুষকে পানিতে মারার জন্য ভারত এক পূর্ণাঙ্গ চক্রান্তে মেতে উঠেছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে অভিন্ন নদীগুলোর প্রবাহের অধিকার আদায়ের লক্ষ্যে এই গণসমাবেশের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী জোর দিয়ে বলেন, ভারতের এই বৈরী চক্রান্ত থেকে মুক্তি পেতে হলে দেশে এখনই সর্বস্তরের জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন।
ফারাক্কা বাঁধ ও নদীকেন্দ্রিক সংকটকে ঐতিহাসিক উল্লেখ করে বিএনপি নেতা বলেন, পানির ন্যায্য অধিকার আদায়ের লড়াই আজকের নয়, ব্রিটিশ আমল থেকেই এই সংগ্রাম চলে আসছে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও ভারত কখনোই পানির ন্যায্য পাওনা দেওয়ার বিষয়ে কোনো সুষ্ঠু বিধিব্যবস্থা করেনি। এমনকি যারা দিল্লির পদতলে ক্ষমতা সমর্পণ করেছিল এবং ভারতের প্রেমে গদগদ ছিল, সেই আওয়ামী লীগ সরকারকেও পানির প্রশ্নে কোনো ধরনের ছাড় দেয়নি ভারত।
পানির অধিকার আদায়ের লড়াই এখনো থামেনি উল্লেখ করে রিজভী বলেন, পানির এই সংকট ও হাহাকার কেবল বাংলাদেশের মানুষের একার কান্না নয়, এটি এখন পশ্চিমবঙ্গের মানুষেরও কান্নায় পরিণত হয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম জাতিসংঘে নিয়ে গিয়েছিলেন। কিন্তু বিগত ৫৫-৫৬ বছর ধরে নানা আলোচনা হলেও ভারত সরকারের টনক নড়েনি। তাই নদীর ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে রাজপথের আন্দোলনকে আরও বেগবান করার ওপর গুরুত্ব দেন তিনি।




