তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প টেলিফোনে আলাপ করেছেন। শনিবার অনুষ্ঠিত এই ফোনালাপে দুই নেতা আঙ্কারা ও ওয়াশিংটনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বর্তমান বৈশ্বিক ভূ-রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেছেন। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
ফোনালাপে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান উত্তেজনা প্রশমন এবং ইউক্রেন যুদ্ধ অবসানে কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট এরদোগান এ সময় ইউক্রেন-রাশিয়া সংঘাত নিরসনে চলমান কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে অদূর ভবিষ্যতে ইতিবাচক ফলাফল পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।
উভয় পক্ষই আঙ্কারা ও ওয়াশিংটনের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারিত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। প্রেসিডেন্ট এরদোগান জোর দিয়ে বলেছেন যে, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন গতি সঞ্চারের জন্য উভয় দেশ সম্মিলিতভাবে কাজ করবে। এছাড়া, তুর্কি রাষ্ট্রসমূহের সংস্থার (ওটিএস) আসন্ন শীর্ষ সম্মেলনে সমর্থন প্রদানের জন্য এরদোগান ট্রাম্পকে বিশেষ ধন্যবাদ জানান।




